আমরা রাজপথের পুরাতন খেলোয়াড়: ওবায়দুল কাদের

ঢাকা: বিএনপিসহ বিরোধী দলগুলোর যেকোনো ধ্বংসাত্মক কর্মসূচি রাজপথে মোকাবিলা করা হবে বলে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা রাজপথের পুরাতন খেলোয়াড়। বিএনপি তো এই পথে নতুন। আসুন রাজপথে মোকাবিলা হবে, ফয়সালা হবে।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার (৮ আগস্ট) সকালে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কাদের এসব কথা বলেন।

বিএনপিকে আগুন নিয়ে না খেলার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আগুন নিয়ে খেলতে আসলে পরিণাম হবে ভয়াবহ।

তিনি বলেন, শেখ মুজিব বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হতে পেরেছেন তার পাশে সহযোদ্ধা, সহযাত্রী হিসেবে ফজিলাতুন্নেছা মুজিবের মতো মহীয়সী নারী ছিলেন বলেই। তার মতো প্রজ্ঞা ও ধৈর্যশীল নারী না থাকলে একটি জাতিকে স্বাধীনতা এনে দেওয়া জাতির পিতার জন্য দুরূহ হতো।

এ সময় প্রধানমন্ত্রী ও দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের সিনিয়র নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে ১ মিনিট নিরবতা পালন এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ও ১৫ আগস্টের হত্যাযজ্ঞে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

এ সময় জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *