Home প্রধান খবর পদ্মা সেতুর নাট-বল্টু খোলা সেই বায়েজিদের বাড়িতে হামলা

পদ্মা সেতুর নাট-বল্টু খোলা সেই বায়েজিদের বাড়িতে হামলা

0
146

পটুয়াখালী: পদ্মা সেতুর রেলিং থেকে নাট খুলে টিকটক ভিডিও করায় গ্রেপ্তার বায়েজিদ তালহা মৃধার পটুয়াখালীর গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

আজ সোমবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের তেলিখালী গ্রামের মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

হামলার সময় ঘরে থাকা বায়েজীদের ভাবী হাদিসা বেগম জানান, মোটরসাইকেলে ২০ থেকে ২৫ জন লোক বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালিয়েছে। এ সময় তারা রামদা, দা ও কুড়াল দিয়ে ঘরের টিনের বেড়া কুপাতে থাকেন। এতে টিন কিছু স্থানে ফুঁটো হয়ে যায়।

হাদিসা জানান, এক পর্যায়ে হামলাকারীরা ঘরের ঢুকে আসবাবপত্র তছনছ করেন। হামলাকারীরা বায়েজিদের ভাইয়ের মোটরসাইকেলটিও ভাঙচুর করে। এ সময় তার স্বামী (বায়েজীদের ভাই) সোহাগ মৃধা ঢাকায় ছিলেন।

প্রতিবেশি জাহেদা আক্তার জানান, ভাংচুর ও টিনে কোপানোর শব্দ শুনে তিনি ঘটনাস্থলে যান এবং ২০-২৫ জন লোককে হামলা চালাতে দেখেন।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, স্থানীয় চেয়ারম্যান তাকে বিষয়টি ফোনে জানিয়েছেন। খবর পেয়ে একজন চৌকিদারকে ওই বাড়িতে পাঠানো হয়।

তিনি বলেন, যেটুকু তিনি জেনেছেন, তাতে হামলাকারীদের কেউই ওই এলাকার নয় বলে তার কাছে মনে হয়েছে। তারা সবাই অপরিচিত।

এ বিষয়ে সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, ‘ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বড় কোনো ধরনের ঘটনা ঘটেনি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here