স্পোর্টস আপডেট ডেস্ক- বিশ্বের অন্যতম ক্ষমতাসীন রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রে চলছে প্রেসিডেন্ট নির্বাচন। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকেই শুরু হয়েছে নির্বাচনের ভোট প্রদান। নানা কারণে ঐতিহাসিক হয়ে উঠছে এবারের নির্বাচন।
লোকজন আগাম ভোট দিয়ে দিয়েছেন অধিকাংশ এলাকায়। এদিকে যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় নির্বাচনে ভোট প্রদান করেছেন বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির।
আজ দুপুরে নিজের ভোট দিয়ে ভক্তদের সাথে বিষয়টি ভাগাভাগি করেন সাকিব পত্নী। ভোট দিয়ে ফেসবুক একাউন্ট থেকে নিজের হাতে নির্বাচনের একটি স্টিকারযুক্ত ছবি পোস্ট করে শিশির লেখেন ‘ইলেকশন ডে, আমি আমার ভোট দিয়েছি।’
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ইতিমধ্যেই আগাম ভোট দিয়েছেন ৯ কোটির বেশি ভোটার। আশা করা হচ্ছে, আজ আরও কমপক্ষে আট-নয় কোটি মানুষ ভোট দেবেন। কিন্তু প্রশ্ন উঠেছে, সর্বত্র ভোট নিরাপদে হবে কি না, কী হবে নির্বাচনের পর?
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে দেশটির নাগরিকদের তো অবশ্যই, সারা বিশ্বের মানুষের উৎসাহ, আগ্রহ ও উত্তেজনা নতুন কিছু নয়। কিন্তু এবারের নির্বাচনে যুক্ত হয়েছে সহিংসতা ও অনিশ্চয়তার উদ্বেগ–আশঙ্কা। অতীতে অনিশ্চয়তা ছিল ফলাফল নিয়ে—কে জেতেন, কে হারেন। কিন্তু সবাই প্রায় নিশ্চিত ছিলেন, ফল যা–ই হোক, সে ফলাফলে নাগরিকেরা খুশি হন বা না হন, পরদিন তাঁরা দৈনন্দিন জীবনে ফিরে যাবেন।
