হেফাজতের সমাবেশে জনসমুদ্র, সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নজর২৪, ঢাকা- মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি পালনের লক্ষ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম।

 

সোমবার (০২ নভেম্বর) সকাল ১১টায় শুরু হওয়া সেই সমাবেশ বেলা বাড়ার সাথে সাথে জনসমুদ্রে পরিণত হয়। হাজার হাজার নেতা-কর্মী বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে অংশ নেয়।

 

সমাবেশ পুরানা পল্টন, দৈনিক বাংলা, জিরো পয়েন্টসহ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এজন্য এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশ ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। সমাবেশে হেফাজতের মহানগর আমির আল্লামা নুর হোছাইন কাসেমীর সভাপতিত্বে নেতারা বক্তব্য রাখেন।

 

এ সময় দূতাবাস বন্ধে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে হেফাজতের মহাসচিব জুনাইদ বাবুনগরী বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ফ্রান্সের দূতাবাস বন্ধ করে দিতে হবে। না হলে আন্দোলন অব্যাহত থাকবে।

 

নুর হোছাইন কাসেমী বলেন, সংসদে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে। সরকার যদি আমাদের দাবি না মানে তাহলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।

 

এর আগে ভোর ৬টা থেকে দেশের বিভিন্ন স্থান থেকে হেফাজতের কর্মীরা জড়ো হতে শুরু করেন। বেলা ১১টায় সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়। বিজয়নগর, প্রেসক্লাব থেকে পল্টন, গুলিস্তান সড়ক বন্ধ করে দেয়া হয়। আশপাশের এলাকায় প্রচুর সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা যায়।

 

সমাবেশে হেফাজতের নেতারা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফ্রান্সের বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা ও ঘৃণা প্রস্তাব আনার দাবি জানিয়েছেন। এছাড়া ফ্রান্সের পণ্য বর্জনের দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *