শাহাদাত রাসেল চৌধুরী, সিঙ্গাপুর থেকে- সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (এস.বি.এস) এবং সিঙ্গাপুর রেডক্রস এর যৌথ উদ্যোগে প্রতিবছর অনুষ্ঠিত হয় রক্তদান কর্মসূচী। সেই ধারাবাহিকতায় রবিবার (০১ নভেম্বর) সিঙ্গাপুরের হেল্থ সাইন্স অথিরিটিতে (HSA) সকাল ৯টা থেকে শুরু হয় রক্তদান কর্মসূচী, বিকাল ৪টা পর্যন্ত চলে এই কর্মসূচী।
এতে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির সদস্যরাসহ সিঙ্গাপুরে অবস্থানরত গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে স্বতস্ফূর্তভাবে রক্তদান করেন । সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক দীপেন কুমার বডুয়া জানান, এবার করোনা পরিস্থিতির মধ্যেও অন্যান্যবারের চেয়ে দ্বিগুণেরও বেশি রক্তদাতা রক্তদান করেছেন, যার সংখ্যা প্রায় ৮০ জনের বেশি। এবং আগামী রবিবার আরও কিছু সংখ্যক রক্তদাতা সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির কার্যক্রমের অধীনে রক্তদান করবে ।
সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি পক্ষ থেকে সভাপতি মোঃ হাফিজুর রহমান বলেন, সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির বেশকিছু কর্মকান্ডের মধ্যে রক্তদান কর্মসূচী একটা উল্লেখযোগ্য মহতী উদ্যোগ এবং আমাদের এই কার্যক্রমে যারা সাড়া দিয়ে এগিয়ে এসেছেন সবাইকে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আগামীতে আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে যাতে বিদেশের মাটিতে দেশের সুনাম বৃদ্ধি হয়।
এবারের রক্তদান কর্মসূচী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ তৌহিদুল ইসলাম। তিনি রক্তদান কার্যক্রম ঘুরে দেখেন এবং সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির এমন মহৎতী উদ্যোগের প্রভূত প্রশংসা করে বলেন, এমন উদ্যোগ বিদেশের মাটিতে আমাদের দেশের সুনাম বৃদ্ধি করছে এবং আগামীতে এই ধরণের কার্যক্রমে বাংলাদেশ হাইকমিশনও যুক্ত থেকে সার্বিক সহযোগিতা করবে ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ তৌফিক-উর-রহমান (কাউন্সিলর এবং হেড অফ চান্সারি, বাংলাদেশ হাইকমিশন) এবং মোঃ আতাউর রহমান (কাউন্সিলর, শ্রম ও কল্যাণ শাখা, বাংলাদেশ হাইকমিশন)।
রক্তদান অনুষ্ঠানে সিঙ্গাপুর রেডক্রসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন টেরেন্স এবং সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি কার্যকরী সদস্যদের মধ্যে উপস্থিত সভাপতি, মোঃ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক দীপেন কুমার বড়ুয়া, যুগ্ম-সম্পাদক ক্যাপ্টেন এমদাদ হোসেন, কল্যাণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক হোসেন মোঃ দেলোয়ার, ক্রীড়া সম্পাদক মোঃ বেল্লাল হোসেন, কোষাধ্যক্ষ মোঃ বাসু মিয়া, কাউন্সিল সদস্য ড: আমিনুল্লা শাহীন, জহিরুল ইসলাম, জহরলাল সুত্রধর, আশরাফ ইমাম, মোস্তাফিজুর রহমান, এবং অডিটর মহসিন মিয়া ।
এবারের রক্তদান কর্মসূচীতে এস.বি.এস. যুব ক্লাব সদস্যবৃন্দরাও স্বতস্ফূর্তভাবে রক্তদানে অংশগ্রহণ করেন যা সিঙ্গাপুরে বাংলাদেশি তরুন প্রজন্মের জন্য একটি মাইলফলক। এছাড়া রক্তদান কর্মসূচির ইভেন্ট স্পন্সর ছিল সিঙ্গাপুর অগ্রনী এক্সচেঞ্জ হাউস প্রাঃ লিমিটেড।
