সীতাকুণ্ডে দুর্ঘটনা নাকি নাশকতা, খতিয়ে দেখা হবে: তথ্যমন্ত্রী

ঢাকা: সীতাকুণ্ডের অগ্নিকাণ্ড দুর্ঘটনা নাকি নাশকতা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ রোববার দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিষয়টি দুর্ঘটনা নাকি নাশকতা সেটিও খতিয়ে দেখা হবে। কারণ এত বড় একটি ঘটনা ঘটেছে, এটি সত্যিকার অর্থে দুর্ঘটনা নাকি নাশকতা সেটি খতিয়ে দেখা প্রয়োজন।

হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী নিজে বিষয়টি পর্যবেক্ষণ করছেন। তিনি সবাইকে নির্দেশনা দিয়েছেন। আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া আছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঝাঁপিয়ে পড়েছেন। যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছসেবকলীগের নেতাকর্মীরা কাজ করছেন। তাদের নির্দেশনা দেওয়া আছে, যেখানে রক্ত দেওয়া লাগবে যেন দেওয়া হয়।’

ঘটনা ঘটার পর তদন্তের কথা বলা হয়, আগে কেন মনিটরিং করা হয় না- এমন প্রশ্নে তিনি বলেন, ‘ঘটনা ঘটার আগে কীভাবে খতিয়ে দেখবে? আগে খতিয়ে দেখার কোনো সুযোগ নেই। তাদের সব কমপ্লায়েন্স ছিল কি না, তা অবশ্যই খতিয়ে দেখা হবে।’

দাহ্য পদার্থ থাকলে উদ্ধারকাজের সময় অন্যভাবে ফায়ার সার্ভিস কাজ করতো, সেই বিষয়ে মালিকপক্ষের কমপ্লায়েন্স ছিল কি না, জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘ঢাকায় বসে আমি সেটি বলতে পারবো না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটি খতিয়ে দেখছে। যদি তাদের কমপ্লায়েন্স না থাকে, সেক্ষেত্রে কর্তৃপক্ষ দায়ী হবে। আর কমপ্লায়েন্স থাকার পরও এটি ঘটলে, তা দুর্ঘটনা নাকি নাশকতা সেটিও বেরিয়ে আসবে।’

উল্লেখ্য, চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে গতকাল রাত সাড়ে ৯টায় অগ্নিকাণ্ডের শুরু হওয়ার প্রায় ১৭ ঘণ্টা পেড়িয়ে গেলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন, কিছুক্ষণ পরপর হচ্ছে বিস্ফোরণ।

শেষ খবর পাওয়া পর্যন্ত, ডিপোতে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি চার শতাধিক। তাদের মধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীও রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *