নরসিংদী রেলওয়ে স্টেশনে ‘অশালীন’ পোশাক পরার অজুহাতে এক তরুণীকে হেনস্তা করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন গ্রেপ্তার মার্জিয়া ওরফে শিলা আক্তার।
সোমবার (৩০ মে) রাতে সংবাদভিত্তিক একটি বেসরকারি চ্যানেলকে এ তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
মার্জিয়া ওরফে শিলা আক্তারকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য তুলে ধরে খন্দকার মঈন বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি, সেদিন স্টেশনে ভিকটিম তরুণী ট্রেনের জন্য অপেক্ষারত ছিলেন। একই সময়ে আসামি মার্জিয়া ওরফে শিলা আক্তারও রেল স্টেশনে যান। স্টেশনে যাওয়ার পর ভিকটিম তরুণীকে অপমান-অপদস্থ করেন মার্জিয়া। ইভটিজিংয়ের ইঙ্গিতে কথা বলেন। ভিকটিম তরুণী এর প্রতিবাদ করেন। প্রতিবাদ করলে গ্রেফতার নারী ভিকটিম তরুণীর সঙ্গে রাগারাগি শুরু করেন। তার পর তাকে চার-পাঁচ জন ব্যক্তি সাপোর্ট করেন। এভাবেই সেখানে ভিকটিমকে হেনস্তা করা হয়। তখন ওই তরুণী সেখান থেকে স্টেশন মাস্টারের কক্ষের দিকে দৌড়ে যেতে চান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এতটুকুই বলেছেন।’
কী কারণে তার সঙ্গে এমন আচরণ করা হলো এ বিষয়ে এই র্যাব কর্মকর্তা বলেন, ‘ওই নারী ঠিক কী কারণে এমনটা করেছেন, সেটি আমাদের কাছে এখনও পরিষ্কার না। তবে আমরা যেটা তার বক্তব্য থেকে পেয়েছি তা হলো, ভোর ৫টার দিকে তারা দুজন স্টেশনে ছিলেন। মার্জিয়ার কাছে ভিকটিম তরুণীর ড্রেসটি ভালো লাগেনি বিধায় তিনি এ ঘটনা ঘটিয়েছেন।’
খন্দকার আল মঈন আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদের সময় ওই নারী একটু উদ্ভট আচরণ করছিলেন। তিনি তার স্বামীর নাম বলছিলেন না। ঠিকানা পাচ্ছিলাম না। ধরতেও বেগ পেতে হয়েছে। তার মধ্যে মানসিক প্রতিবন্ধী সাজার একটা প্রবণতা ছিল।’
গ্রেফতার আসামির শাস্তির বিষয়ে তিনি বলেন, ‘গত রবিবার ভোরে ঘটনাটি ঘটে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। বেশ কয়েকটি ধারায় মামলাটি করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে বেশ কয়েকজনকে আসামিও করা হয়েছে। এখন তদন্ত কমিটি ঘটনার তদন্ত করে আদালতে পাঠাবে। আদালত সবকিছু বিচার-বিশ্লেষণ করে শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
এদিকে তরুণীকে হেনস্তার ঘটনায় গ্রেপ্তার মার্জিয়া আক্তারের (৬০) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৩০ মে) সন্ধ্যায় নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন এ আদেশ দেন।
আসামি মার্জিয়া আক্তার নরসিংদী সদর উপজেলা মোড় এলাকার বাসিন্দা। পেশায় ঘটক এই নারী শিলা, শায়লাসহ একাধিক নামে পরিচিত।
