বসুন্ধরার অ্যাওয়ার্ড সাংবাদিকদের অনুপ্রেরণা দেবে: নিপুণ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ আক্তার বলেছেন, এতো বড় পরিসরে তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের যে স্বীকৃতি দেওয়া হচ্ছে এটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। আমরা সবসময় দেখি ঢাকা কেন্দ্রিক সকল স্বীকৃতি দেওয়া হয়, কিন্তু এই যে জেলা পর্যায়ের সাংবাদিকদের স্বীকৃতি দেওয়া হচ্ছে এতে সারা দেশের সাংবাদিকদের অনুপ্রেরণা দেবে।

সোমবার (৩০ মে) সন্ধ্যায় রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, বসুন্ধরায় (আইসিসিবি) বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১ এর অনুষ্ঠানস্থলে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

নিপুণ বলেন, এই যে দেখছি সারাদেশ থেকে, জেলা পর্যায়ে অনেক সাংবাদিক এসেছেন। এখানে এসে এই আয়োজন ভালো লেগেছে। আমি সত্যিই অভিভূত। এমন আয়োজন আশা করি সামনেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ডের মতো সাংবাদিকদের জন্য এমন স্বীকৃতি দেশের অনুসন্ধানী সাংবাদিকতায় একটি নতুন দিগন্ত তৈরি করবে।

দেশের গণমাধ্যমে গত বছর প্রকাশিত ও প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদন বিচার বিশ্লেষণ করে পাঁচটি ক্যাটাগরিতে ১১ জনকে পুরস্কৃত করা হয়েছে। এ ছাড়া তৃণমূল পর্যায়ে সাংবাদিকতা প্রসারে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ প্রতিটি জেলা থেকে একজন করে ৬৪ জন প্রবীণ ও গুণী সাংবাদিককে দেয়া হয়েছে বিশেষ সম্মাননা। এর মধ্য দিয়ে বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ঘিরে সাংবাদিকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *