Home খেলাধুলা ৪ ভোটে হারলেন তাবিথ আউয়াল

৪ ভোটে হারলেন তাবিথ আউয়াল

0
92

স্পোর্টস আপডেট ডেস্ক- আগেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ২১ পদের ২০টির নিষ্পত্তি হয়েছিল। আজ শনিবার বাকি পদটিরও ফল পাওয়া গেল। বাফুফের চতুর্থ সহ-সভাপতি পদে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমন্বয় পরিষদের প্রার্থী মহিউদ্দিন আহমেদ মহি। প্রতিদ্বন্দ্বী তাবিথ আউয়ালকে ৪ ভোটে হারিয়েছেন তিনি।

 

সরকারিভাবে মহিউদ্দিনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন।

 

গত ৩ অক্টোবর অনুষ্ঠিত বাফুফে নির্বাচনে প্রথম তিনটি সহসভাপতি পদে ফলাফল হলেও, সমান ৬৫টি করে ভোট পেয়ে টাই করেছিলেন সর্বশেষ কমিটির এ দুই সহসভাপতি। তখন প্রধান নির্বাচন কমিশনার মেসবাহ উদ্দিন পুনঃভোটের জন্য ৩১ অক্টোবর তারিখ নির্ধারণ করেছিলেন।

 

সে মোতাবেক আজ (শনিবার) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। যেখানে ১৩৯ জন কাউন্সিলরের মধ্যে ১৩০ জন উপস্থিত থেকে ভোটাধিকার প্রয়োগ করেন।

 

তাবিথ আউয়াল এর আগে দুইবার সহসভাপতি ছিলেন। ২০১৬ সালের নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন। তবে এবার তিনি বাদ পড়ে গেলেন কার্যনির্বাহী কমিটি থেকে। তাকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সহসভাপতি নির্বাচিত হলেন মহিউদ্দিন মহি।

 

ব্রাদার্স ইউনিয়নের এই কর্মকর্তা ২০১৬ সালের নির্বাচনে কাজী সালাউদ্দিন নেতৃত্বাধীন প্যানেল থেকে সহসভাপতি হলেও, পরবর্তীতে তিনি সভাপতির মুখোমুখি হয়ে বাফুফের নানা অনিয়ম নিয়ে কথা বলেন। যে কারণে এবার তাকে প্যানেলে রাখেননি টানা চতুর্থবারের মতো সভাপতি হওয়া কাজী সালাউদ্দিন।

 

শেখ মোহাম্মদ আসলামের নেতৃত্বাধীন সমন্বয় পরিষদ এই সহসভাপতিসহ সাতটি পদে বিজয়ী হলো। এর আগে ৩ অক্টোবরের নির্বাচনে ১৫ সদস্যপদের মধ্যে ছয়টি পেয়েছিল সমন্বয় পরিষদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here