‘মানুষকে বিশ্বাস করা পাপ। ব্যবসায়ীদের বিশ্বাস করে আমরা সেই ভুলটা করেছি। এটাই আমদের ব্যর্থতা তাদের বিশ্বাস করা। তেল বাজার থেকে উধাও করার কারসাজি করেছে খুচরা বিক্রেতারা। সেই সঙ্গে ব্যবসায়ীরা কথা রাখেনি, রোজায় তেলের দাম না বাড়ানোর অনুরোধ তারা রাখেনি।’
সোমবার (৯ মে) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের উৎপাদকদের সঙ্গে বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বাণিজ্যমন্ত্রী বলেন, তেলের দাম অস্বাভাবিক হারে বেড়েছে, সেটা সত্যি। সাধারণ মানুষের কষ্ট হচ্ছে, এটাও সত্যি। আমরা মাত্র ১০ শতাংশ তেল উৎপাদন করি, কিন্তু ৯০ শতাংশই বাইরে থেকে আসে।
তিনি বলেন, গত কয়েকদিন ধরে তেলের দাম নিয়ে বিভিন্ন মিডিয়ায় খবর ছাপা হচ্ছে। কিন্তু কোথাও বলা হচ্ছে না, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। নেপাল, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ প্রায় সব দেশেই তেলের দাম বেড়েছে। গত এক বা দেড় মাসে গ্লোবাল মার্কেটে দামের কেমন তারতম্য সেটা নিয়ে কোনো নিউজ করা হচ্ছে না।
আন্তর্জাতিক দাম বাড়ার সাথে দেশের মানুষকে অভ্যস্ত হবার পরামর্শ দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীর লাভ যেন যৌক্তিক হয় সে দায়িত্ব সরকারের। গণমাধ্যমের উচিৎ জনগণকে আন্তর্জাতিক বাজার সম্পর্কে জনগণকে অবহিত করা। তবে আন্তর্জাতিক বাজারের চেয়েও ২২ টাকা কমে তেল বিক্রি করছি আমরা।
ঈদের আগে বাজারে তেল না পাওয়ার বিষয়ে এক প্রশ্নে টিপু মুনশি বলেন, আমরা ফেব্রুয়ারির ৬ তারিখ দাম ঠিক করেছিলাম। চিটাগাং পোর্টে যে প্রাইজে মাল রিলিজ হয়, সে অনুযায়ী দাম নির্ধারণ হয়। ২০ মার্চ অনুরোধ করায় (তেলে) সরকার ১০ শতাংশ ভ্যাট প্রত্যাহার করে। তখন ৮ টাকা দাম কমানো হয়। এর মধ্যে আমরা রমজান মাসে তেলের দাম না বাড়াতে অনুরোধ করায় এতে তারা (ব্যবসায়ীরা) একমত হয়েছিল। মানুষের কথা বিবেচনা করে দাম না বাড়ানোর অনুরোধ করেছিলাম। তাদের বলা হয়েছিল রমজানের পর বসবো। যারা বড় প্রতিষ্ঠান তাদের কাছ থেকে সাপ্তাহিক তথ্য নিয়েছি। কিন্তু পথে ঝামেলা হয়েছে। রিটেইলার ও ডিলাররা কিন্তু জানতো রমজানের পর তেলের দাম বেড়ে ফিক্সআপ হবে।
তিনি বলেন, ঈদের কয়েকদিন আগে থেকে অনেকে তেল ধরে রাখলো। কারচুপিটা এখানে হয়েছে। সামনের দিনগুলোতে যেন এগুলো না হয় সেটি দেখতে হবে। আমার মনে হচ্ছে, তাদের অনুরোধ করা ঠিক হয়নি যে রমজানে তেলের দাম না বাড়ানোর। কারণ তাদের যদি একটি দাম বৃদ্ধি করে দিতাম তাহলে এটি হতো না। ভারতে তেলের দাম কত? তাদের দামও ১০-১২ টাকা বেশি আছে।
