পার্লামেন্ট থেকে ‘পদত্যাগের’ সিদ্ধান্ত নিলেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পার্লামেন্ট থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। সূত্রের বরাতে সোমবার এ তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ।

সূত্র জানায়, নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের আগেই জাতীয় পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন পিটিআই চেয়ারম্যান।

সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, ইমরান খান বলেছেন, আমরা কোনো পরিস্থিতিতেই পার্লামেন্টে বসব না। যারা পাকিস্তানকে লুটেছে এবং ‘বিদেশি শক্তির দ্বারা আমদানিকৃত’ তাদের সঙ্গে পিটিআই পার্লামেন্টে বসবে না।

‘যেসব প্রতিষ্ঠান নতুন সরকারকে নিয়ে পথ চলতে চায় তাদের চাপে রাখতে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি, আমাদের তাদের কাজ করতে দেব না।’

এর আগে দুপুরে প্রধানমন্ত্রীত্ব হারানোর পর প্রথমবারের মতো পার্লামেন্টে আসেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান।

সূত্র জানায়, পার্টির বেশিরভাগ সদস্য পদত্যাগ করার বিষয়ে খানের সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। এর পরিবর্তে প্রতিটি ফ্রন্টে দৃঢ়ভাবে বিরোধীদের মোকাবিলা করার পরামর্শ দিয়েছেন।

এর প্রতিক্রিয়ায় খান বলেন, যদি কোনো সংসদ সদস্য পদত্যাগ না করেন তবে তিনিই হবেন ‘প্রথম সংসদ সদস্য যিনি পদত্যাগ করবেন।’

এরপরে সকল সংসদ সদস্য এই সিদ্ধান্তে সম্মত হন যে তাদের পদত্যাগের আদেশ দেওয়ার ক্ষমতা খানের রয়েছে।

এছাড়া পিটিআই সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশিকে প্রধানমন্ত্রী মনোনীত করলেও তারা নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে।

এখন পর্যন্ত ফারুখ হাবিব, আলী জাইদি এবং মুরাদ সাঈদের পদত্যাগের বিষয়টি সামনে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *