Home প্রধান খবর দুই কৃষকের ‘আত্মহত্যা’: সেই পাম্প অপারেটর গ্রেপ্তার

দুই কৃষকের ‘আত্মহত্যা’: সেই পাম্প অপারেটর গ্রেপ্তার

0
228

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে দুই সাঁওতাল কৃষকের মৃত্যুতে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোদাগাড়ী উপজেলার চব্বিশনগর এলাকা থেকে শনিবার রাত ১টার দিকে সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করা হয়।

সাখাওয়াত বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপের অপারেটর এবং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, পলাতক থাকা অবস্থায় শনিবার দিবাগত রাতে চব্বিশনগর কদম শহর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে ফিরছিলেন। গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রোববার দুপুরের দিকে তাকে আদালতে তোলা হবে। আরও জিজ্ঞাসাবাদের জন্য তার তিন দিনের রিমান্ড চাওয়ার কথাও জানান ওসি।

গত ২৩ মার্চ গোদাগাড়ী উপজেলার নিমঘুটু গ্রামের কৃষক অভিনাথ মারান্ডি ও তার চাচাতো ভাই রবি মারান্ডি বিষপান করেন। এতে তাদের মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, বোরো ধানের জমিতে পানি না পেয়ে তারা বিষপান করেন।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপ অপারেটর সাখাওয়াত হোসেন দুই কৃষককে পানি না দিয়ে তাদের বিষপান করতে বলেছিলেন বলেও পরিবার দু’টির অভিযোগ।

এ নিয়ে দুই পরিবারের পক্ষ থেকে গোদাগাড়ী থানায় সাখাওয়াতের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দু’টি মামলা হয়েছে। গত ২৫ মার্চ রাতে মৃত অভিনাথের স্ত্রী রোজিনা মারান্ডি থানায় প্রথম মামলাটি করার পর থেকেই সাখাওয়াত আত্মগোপনে চলে যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here