সব কিছুর মালিক আল্লাহ: তাসকিনকে নিয়ে মাশরাফি

দক্ষিণ আফ্রিকা সিরিজে ভালো পারফর্মের কারণে প্রশংসিত হচ্ছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। এরই মধ্যে আইপিএলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তিনি। তবে দেশের খেলার জন্য আইপিএলে যাওয়া হচ্ছে না বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এদিকে, তাসকিনকে নিয়ে গতকাল সোমবার (২১ মার্চ) নিজের ফেসবুক পেজে লম্বা পোস্ট দিয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা।

মাশরাফি লিখেন, সিদ্ধান্ত বোর্ড নিক বা তাসকিন অবশ্যই সিদ্ধান্তটি পজিটিভ মনে হয়েছে কারণ, দেশের ক্রিকেটের কমিটমেন্ট সবার আগেই হওয়া উচিত। যদিও পৃথিবী চলছে বিপরীতমুখি এবং তার পক্ষে বা বিপক্ষে অনেক যুক্তি দাঁড় করিয়েই। শুধু একটাই খটকা, নিয়ম যাই হোক তা যেন সবার জন্যই প্রযোজ্য হয়। তাহলে দলের সবার মানসিকতা সুন্দর ও সুস্থ থাকবে, যা বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে জরুরি।

তিনি আরও লিখেন, ভালো খেলতে থাকো তাসকিন, সুযোগ এমনিতেই আসবে। ৩ বছর আগে তোমাকে দলে দেখলে সবার রাগ হতো আর আজ দলে তোমার গুরুত্ব তুমি নিজেই দেখছো। সব কিছুর মালিক আল্লাহ। আর এ যুদ্ধে তোমার পাশে ছিলো খুব সামান্য কিছু মানুষ। তাদেরকে যথাযথ সম্মান দিও।

এছাড়া মাশরাফি লিখেছেন, দেশের হয়ে মাঠে নেমে নিজেকে নিংড়ে দেও কারণ, তোমার মতো হাজারও খেলোয়াড় এই দেশে খেলছে যারা একবার হলেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চায়। যে সুযোগ আজ আছে কাল হয়তো থাকবেনা তাই তোমার ক্রিকেটের সেরা মূহূর্তগুলো হয়ে উঠুক লাল-সবুজেই। আল্লাহ তোমার সহায় হোন, আমিন।

প্রসঙ্গত, বাংলাদেশি পেসার তাসকিন আহমেদকে আইপিএলে খেলার প্রস্তাব দিয়েছে লখনৌ। মার্ক উডের বদলে তাসকিন তাদের পছন্দ। এই প্রস্তাবে রাজি হলে প্রোটিয়াদের বিপক্ষে দুই টেস্টের সিরিজের আগেই দলে যোগ দিতে হবে তার। তবে দক্ষিণ আফ্রিকা সিরিজ চলায় তাসকিনকে ছাড়পত্র দিচ্ছে না বিসিবি।

বিসিবি’র ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাই ইউনুস বলেছেন, ‘তাসকিন ছাড়পত্র পাবে কিনা সে বিষয়ে আইপিএলের একটি দল যোগাযোগ করেছে। তবে আমাদের জাতীয় দলের স্বার্থ আগে। আইপিএলে খেললেও জাতীয় দলের খেলা বাদ দিয়ে খেলবে না। এই মুহূর্তে তাসকিনের আইপিএলে যোগ দেওয়ার সম্ভাবনা নেই।’ তাসকিনও বোর্ডের সিদ্ধান্ত মেনে নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *