Home দেশের খবর হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ সভাপতি নিহত

হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ সভাপতি নিহত

0
109

জয়পুরহাট: জয়পুরহাটে ইজিবাইক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। শনিবার (১৯ মার্চ) বিকেল ৪টার দিকে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের জয়পুরহাট শহরের হারাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রলীগ নেতার নাম আতিকুর রহমান (৩০)। তিনি বম্বু ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আহত ব্যক্তির নাম আমিনুর রহমান (৪০)। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বেলা দুইটার দিকে জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের মাজেদ নামের এক ব্যক্তি বটতলী সেতুতে মাইক্রোবাসের ধাক্কায় আহত হন। লোকজন তাঁকে উদ্ধার করে জয়পুরহাট জেলা হাসপাতালে পাঠান। ছাত্রলীগ নেতা আতিকুর রহমান ও আমিনুর রহমান মোটরসাইকেলে আহত ওই ব্যক্তিকে দেখতে হাসপাতালে যাচ্ছিলেন।

পথে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের এলজিইডি মোড় এলাকায় মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ছাত্রলীগ নেতা আতিকুর রহমান ঘটনাস্থলে নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী আমিনুর রহমান গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর জাহান বলেন, মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের স্বজনেরা ঘটনাস্থল থেকে লাশটি নিয়ে গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here