দিনে তাপমাত্রা আরও বাড়বে: আবহাওয়া অফিস

সাগরে সৃষ্ট একটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আর এর প্রভাবে দেশের কোথাও কোথাও আকাশ মেঘলা থাকায় গরম আরও বেশি অনুভূত হচ্ছে।

এমনকি আজ শনিবার (১৯ মার্চ) দেশের দুই উপজেলা ও ১১ জেলাসহ দুই বিভাগের উপর দিয়ে তাপপ্রবাহ বইছে। এটি আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সন্দ্বীপ ও সীতাকুণ্ড উপজেলা এবং ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, রাঙ্গামাটি, ফেনী, চাঁদপুর, সিলেট, পাবনা, রাজশাহী ও বগুড়া যেলাসহ খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, চলতি সপ্তাহে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রাতের তুলনায় দিনের তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে। অনেক জেলায় তাপপ্রবাহ বইছে। এটি অব্যাহত থাকতে পারে।

এদিকে আবহাওয়া অধিদফতর জানায়, নিরক্ষীয় ভারত মহাসাগর ও দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বিহার ও আশেপাশের এলাকায় অবস্থান করছে।

আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৬ দশমিক ৫, ময়মনসিংহে ৩৪ দশমিক ৬, চট্টগ্রামে ৩২ দশমিক ৮, সিলেটে ৩৭, রংপুরে ৩৫ দশমিক ৭, খুলনায় ৩৬ দশমিক ২ এবং বরিশালে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *