ঢাকা: বইমেলায় নারীকে ভ্রাম্যমাণ আদালতের করা জরিমানা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। আজ রোববার আইনজীবী বদরুদ্দোজা বাবু হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেছেন। রিটে ওই ঘটনার ভিডিও অপসারনেরও নির্দেশনা চাওয়া হয়েছে।
বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চে এই আবেদনের বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। তবে ওই নারী জরিমানা দিলেও তাঁর সঙ্গে রিটের বিষয়ে কোনো যোগাযোগ করা হয়নি বলে জানান আইনজীবী বাবু।
গত ১৯ ফেব্রুয়ারি বইমেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে এক নারীকে মাস্ক না পরায় জরিমানা করা হয়।
পরে জানা যায় ওই নারী অভিনেত্রী নাফিজা তুষি। মাস্ক না পরায় তিনি ২০০ টাকা জরিমানা দেন।
ওই ঘটনায় করা ভিডিওতে দেখা যায়, অর্থদণ্ড দেওয়ার আগে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্ক করছিলেন ওই নারী। সেখানে তিনি বলেন, তাঁকে এভাবে ক্যামেরার সামনে কেন ‘হেনস্তা’ করা হচ্ছে?
এ বিষয়ে নাফিজা তুষি গণমাধ্যমকে বলেন, আমি ম্যাজিস্ট্রেটকে বলেছিলাম, আমার যদি কোনো পানিশমেন্টও হয় সাইডে গিয়ে কথা বলেন। কিন্তু উনি বিষয়টি বারবার ঘুরাচ্ছিলেন। আমি দেখছিলাম, সামনে ভিডিও করা হচ্ছে। আমি ফাইনও দিয়েছি। মেলায় আরও মানুষ ছিল, যারা মাস্ক পরে নাই। সেটাও বলছি না। কিন্তু পারমিশন ছাড়া বিষয়টি কেন ভিডিও করবে?
