যুক্তরাজ্যের বিরুদ্ধে পাল্টা ‘অ্যাকশন’ নিলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার আকাশসীমায় যুক্তরাজ্যের সব ধরনের বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনে রাশিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা অ্যারোফ্লোটের চলাচল নিষিদ্ধ করার পাল্টা পদক্ষেপ হিসেবে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাশিয়া এই সিদ্ধান্তের কথা জানাল।

রাশিয়ান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাজ্যের সঙ্গে যুক্ত বা নিবন্ধিত সংস্থার মালিকানাধীন, ইজারা দেওয়া বা পরিচালিত বিমানের ফ্লাইট রাশিয়ার আকাশসীমা আর ব্যবহার করতে পারবে না।

যুক্তরাজ্যের অবন্ধুসুলভ সিদ্ধান্তের পাল্টা পদক্ষেপ হিসেবে তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে রাশিয়া।

ইউক্রেনে রুশ অভিযান শুরুর কিছুক্ষণ পর থেকেই পশ্চিমা দেশগুলোর নেতারা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়।

যুক্তরাজ্যও পাঁচটি রাশিয়ান ব্যাংকের সম্পদ জব্দ করেছে এবং সেসব ব্যাংককে যুক্তরাজ্যের অর্থনৈতিক ব্যবস্থা থেকে বাদ দিয়েছে।

এদিকে ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জেরে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করে চলেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তার জবাবে রাশিয়াও পাশ্চাত্যের দেশগুলোর ওপর পাল্টা নিষেধাজ্ঞা জারি করবে বলে হুমকি দিয়েছে।

শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সংবাদ সম্মেলনে পশ্চিমের দেশগুলোর উদ্দেশে এই সতর্কবার্তা দেন।

সংবাদ সম্মেলনে পেসকভ আরও বলেন, ‘পাশ্চাত্যের দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে রাশিয়া সমস্যায় পড়বে— এটি সত্য, কিন্তু সেসব সমস্যা দীর্ঘস্থায়ী হবে না; কারণ গত কয়েক বছর ধরে রাশিয়া বিদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর নির্ভরশীলতা কমাচ্ছে।’

দীর্ঘ দুই মাস ইউক্রেন সীমান্তে প্রায় ২ লাখ সেনা মোতায়েন রাখার পর বৃহস্পতিবার সকালে দেশটিতে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার সেই অভিযান দ্বিতীয় দিনে গড়িয়েছে। অভিযান শুরুর পর থেকে দুই পক্ষেই কয়েক শতাধিক মানুষ হতাহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *