চট্রগ্রাম- ইতালি থেকে ডাক পার্সেলে চট্টগ্রামে আসা পিস্তল ও গুলি জব্দের ঘটনায় এগুলোর প্রাপক আয়কর বিভাগের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নগরের হালিশহরের আই ব্লকের ৬ নম্বর রোডের খালপাড়ে শ্বশুরবাড়ি থেকে সোমবার রাত ১১টার দিকে কামরুল হাসানকে গ্রেপ্তারের পর বন্দর থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতার মজুমদার কামরুল হাসান চট্টগ্রাম নগরীর সিজিএস কলোনির বাসিন্দা। তিনি চট্টগ্রাম কর অঞ্চল-১-এর কর্মচারী।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) মো. আরিফ হোসেন।
তিনি বলেন, কাস্টমস কর্তৃপক্ষে ইতালি থেকে বৈদেশিক ডাকে আসা একটি চালান থেকে দুটি এইটএমএম পিস্তল ও ৬০টি কার্তুজ উদ্ধার করে। পার্সেলে কামরুলের সিজিএস কলোনির ঠিকানা লেখা ছিল। ঘটনার পর কামরুল হালিশহরের শ্বশুরবাড়িতে আত্মগোপনে চলে যান। একপর্যায়ে মোবাইল ফোনও বন্ধ করে দেন। পরে তথ্য প্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং ও হালিশহর থানা পুলিশ অভিযান চালিয়ে সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করে। কামরুলকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ, রোববার (২০ ফেব্রুয়ারি) ইতালি থেকে বৈদেশিক ডাকে আসা একটি চালান থেকে দুটি এইটএমএম পিস্তল ও ৬০টি কার্তুজ উদ্ধার করে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। এই ঘটনায় পরে প্রেরক রাজীব বড়ুয়া ও প্রাপক মজুমদার কামরুল হাসানকে আসামি করে মামলা করে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার (২১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর বন্দর থানায় মামলাটি দায়ের করেন চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা দেলোয়ার হোসেন।
