রোজায় ১ কোটি মানুষকে কম দামে খাদ্যসামগ্রী দেবে সরকার

আসন্ন রমজানে এক কোটি হতদরিদ্র পরিবারকে সাশ্রয়ী দামে খাদ্য পণ্য দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে রমজান মাসে এক কোটি হতদরিদ্র পরিবারকে টিসিবির মাধ্যমে সাশ্রয়ী দামে পেঁয়াজ, তেল, ডাল, চিনি, খেজুর ও ছোলা এই ছয়টি পণ্য দেওয়া হবে।

মন্ত্রী বলেন, ‘এটা তো সত্যি কথা যে মানুষের কষ্ট হচ্ছে। আমরা যেটা চেষ্টা করছি, সরকারের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে সেটা সাধারণ মানুষকে দেয়া। আমরা চিন্তা করলাম রমজান মাস উপলক্ষে ৫০ লাখ মানুষকে দেয়া যায় কি না। সেটা ট্রাকের মাধ্যমে নয়, আগে যেভাবে আড়াই হাজার টাকা দিয়েছিল, দুস্থ লোক যারা তাদের কাছে পৌঁছে দেবো। তবে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ৫০ লাখ নয় এক কোটি মানুষকে সেই ব্যবস্থায় আনতে।’

তিনি আরও বলেন, তেলের দাম বেড়ে যাওয়ায় মানুষের কষ্ট হলেও দাম না বাড়ালে ব্যবসায়ীরা আমদানি বন্ধ করে দিলে সংকট আরও বেশি হতো।

এদিকে কৃষকদের স্বার্থেই পেঁয়াজের দাম বেশি বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *