হাইকোর্টে যাচ্ছেন চাকরি হারানো সেই দুদক কর্মকর্তা

sorif

চাকরিচ্যুত দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন উচ্চ আদালতের শরণাপন্ন হবেন। তিনি দুদকের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তিনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. শরীফ উদ্দিন বলেন, আমি প্রথমে আমার বিরুদ্ধে করা শাস্তিমূলক ব্যবস্থার বিরুদ্ধে কমিশনের কাছে আদেশ রিভিউ আবেদনের চেষ্টা করব। দ্বিতীয়ত, আমি হাইকোর্টে আপিল করব এই বলে, আমাকে যে চাকরি বিধি অনুযায়ী অপসারণ করা হয়েছে, সেটা অসাংবিধানিক। যা সংবিধানের ১৩৫ আর্টিকেলকে কাভার করে না। আমি সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত। আমি সেই অধিকার পাওয়ার জন্য আপিল করব।

অভিযোগের সত্যতা যাচাই না করেই চাকরি থেকে বরখাস্ত করার দাবি করে তিনি বলেন, দুদকে আমার বিরুদ্ধে যারা অভিযোগ দিয়েছে তারা সবাই আসামি। যাদের গ্রেপ্তার করেছি। আমার কথা হলো আসামি বাঁচার জন্য আমার বিরুদ্ধে অভিযোগ দিবেই, সেজন্য সত্যতা যাচাই না করেই চাকরি থেকে বরখাস্ত করতে হবে? আমাকে আটকাতে পারলে আসামিদের লাভ। কেননা তখন আর তাদের বিরুদ্ধে চার্জশিট হচ্ছে না।

তিনি বলেন, আমাকে সাসপেন্টের দুই মিনিটের মাথায় আমার আইডি কার্ড জোড় করে নিয়ে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে। আমার কাছে অফিসিয়াল কিছু নেই এই মর্মে অমানবিকভাবে আমার কাছ থেকে হলফনামা নেওয়া হয়েছে। বিষয়টি কষ্টের।

শরীফ বলেন, পটুয়াখালীর সজেকায় আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আমি ১০০ কোটি টাকার মালিক। অথচ আমি সেখানে মাত্র ৮ মাস ছিলাম। তাও ওএসডি অবস্থায়। কোনো অনুসন্ধান ও তদন্তের ফাইল আমাকে দেওয়া হয়নি। আমি ১০০ কোটি টাকা কিভাবে আয় করলাম? বর্তমানে গুম আতংকে আছি। এর আগেও পরিবারসহ হত্যা হুমকিতে থানায় জিডি করতে হয়েছে আমাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *