ইসিতে যেন সুবিধাভোগীরা সুযোগ না পান: আসিফ নজরুল

ঢাকা- বিশিষ্টজনদের সঙ্গে প্রথম দফার বৈঠক শেষ করেছে ইসি গঠনে রাষ্ট্রপতির গঠন করে দেয়া কমিটি। যারা আগের সরকারের সুবিধাভোগী তারা যেন ইসিতে সুযোগ না পান সে বিষয়টি বিশেষভাবে দেখার আহ্বান জানান বিশিষ্ট নাগরিকরা।

বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এমনটাই জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল।

তিনি বলেন, ‘আমরা প্রত্যেকেই আলদাভাবে কথা বলার সুযোগ পেয়েছি। আমরা বেশির ভাগ মানুষ বলেছি, যারা নির্বাচন কমিশনের দায়িত্ব পাবেন তারা যেন আগের সরকারের আমলে বিশেষ সুবিধাভোগী না হন।’

‘বিশেষ সুবিধা বলতে, যারা বিভিন্ন সরকারের মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বা সরাসরি সরকারের ঘনিষ্ঠ লোক বলে পরিচিত এমন কাউকে বোঝানো হয়েছে।’ বলেন আসিফ নজরুল

শনিবার বেলা ১১টা ২০ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শুরু হয় প্রথম দফার বৈঠক। যেখানে ১৪ বিশিষ্ট নাগরিক অংশ নেন। সার্চ কমিটি প্রথম দফার বৈঠকে ২০ জন বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানায়। বৈঠক শেষ হয় ১২টা ৩৭ মিনিটে।

বৈঠক শেষে বেরিয়ে ড. আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, আমরা পূর্বের অভিজ্ঞতা থেকে শতভাগ আস্থা রাখতে পারি না। তবে আমরা বলেছি, যে কয়জনকে নির্বাচন কমিশনার বানানো হবে তাদের নাম যেন আগেই ঘোষণা করা হয়। তারপর হয়তো আস্থা-অনাস্থার বিষয় আসবে।

বৈঠকে একই মতামত দিয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। বৈঠক থেকে বেরিয়ে তিনি বলেন, ‘কোনো দলীয় সরকারের অধীনে সুবিধাপ্রাপ্ত ব্যক্তি যেন নির্বাচন কমিশনে স্থান না পান, সেই সুপারিশ করেছি। আমার এ দাবির সঙ্গে অনেকেই সমর্থন জানিয়েছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *