ইভ্যালির রাসেলের রেঞ্জ রোভার বিক্রি হলো ১ কোটি ৮১ লাখে

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি গাড়ি নিলাম শুরু হয়েছে। ধানমন্ডি ১৪ নম্বর সড়কে ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে এ প্রক্রিয়া শুরু হয়।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলের একটি গাড়ি এরই মধ্যে বিক্রি হয়েছে। গাড়িটি কিনেছেন হাবিবুর রহমান নামের একজন ব্যবসায়ী।

নিলামে ইভ্যালির রেঞ্জ রোভার গাড়িটি নিলামে দর হাঁকিয়েছেন ১৫ জন। এর মধ্যে ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার সর্বোচ্চ দর হাঁকিয়ে গাড়িটি কিনে নেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান নামে এক ব্যক্তি। নিলামের শুরুতে গাড়িটির ন্যূনতম নিলাম দর এক কোটি ৬০ লাখ টাকা ধরা হয়েছিল।

রেঞ্জ রোভারসহ সাতটি গাড়ি বিক্রির জন্য নিলাম শুরু করেছে ইভ্যালির বর্তমান পরিচালনা পর্ষদ। গাড়িগুলোর সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার টাকা। বেশির ভাগ গাড়িই জিপ।

এরআগে বুধবার (৯ ফেব্রুয়ারি) ইভ্যালির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মাহবুব কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিলামের বিষয়টি জানানো হয়।

এদিন আদালত গঠিত বোর্ড সদস্যরা ইভ্যালির সাতটি গাড়ির নিলাম শুরু করেন। গাড়িগুলো হলো- একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিয়াস, একটি টয়োটা সিএইচআর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস।

রেঞ্জ রোভার ছাড়া অন্যান্য গাড়িগুলোর মধ্যে টয়োটা প্রিয়াসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার টাকা, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ টাকা, টয়োটা এক্সিওর দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে।

এর আগে, ৩১ জনুয়ারি ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডি কার্যালয়ের দুটি লকার ভেঙে মাত্র ২ হাজার ৫৩০ টাকা পাওয়া যায়। এ ছাড়া দেড় শতাধিক বিভিন্ন ব্যাংকের চেক বই পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *