প্রশ্নফাঁসে জড়িত সেই রুপাকে আ.লীগ থেকে বহিষ্কার

বগুড়া- জেলা আওয়ামী লীগের পদ হারালেন প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে গ্রেফতার বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবা নাসরিন রুপা। রোববার (২৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের কথা জানিয়েছে বগুড়া জেলা আওয়ামী লীগ।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতি চক্রের সঙ্গে মাহবুবা নাসরিনের সংশ্লিষ্টতা এবং গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর জেলা আওয়ামী লীগের দৃষ্টিগোচর হয়েছে।

এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তার কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই তাকে দল থেকে অব্যাহতি প্রদান করা হলো।

রুপাকে দলীয় পদ থেকে বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান। তিনি সাংবাদিকদের বলেন, রুপা জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য পদে ছিলেন। তাকে সেই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, রুপা দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য পদে রয়েছেন। সেই পদ থেকে থেকে অব্যাহতি দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট কমিটির। উপজেলা কমিটি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠালে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ভাইস চেয়ারম্যান রুপা দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ভূঁইপুর গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীর ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।

ভর্তি পরীক্ষা ও সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শুক্রবার দুপচাঁচিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাসরিন রুপাকে গ্রেপ্তার করা হয়।

২০১৭ সালে ঢাকার ইডেন কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর দুপচাঁচিয়ায় নিজ এলাকায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন রুপ। ২০১৯ সালের মার্চে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সংরক্ষিত আসনে প্রার্থী হয়ে বিজয়ী হন।

পরে তিনি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন। সে সময় ইডেন কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক পরিচয়ে তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের ‘আশীর্বাদ’ নিয়ে নির্বাচনী মাঠে নামেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *