Home প্রধান খবর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় এক পরিবারের ৩ জনের মৃত্যু

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় এক পরিবারের ৩ জনের মৃত্যু

0
356

ঢাকা- রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইলে সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ৭টা ৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন) আয়ান মাহমুদ দীপ।

নিহত তিনজন হলেন ৬০ বছর বয়সী আব্দুর রহমান, ৪০ বছরের রিয়াজুল ইসলাম ও ৩৫ বছর বয়সী মোছাম্মৎ শারমিন। তারা বরিশাল থেকে লঞ্চে ঢাকায় এসে অটোরিকশায় করে বাসায় যাচ্ছিলেন।

দুর্ঘটনায় আহত হন অটোরিকশার চালক ৩৫ বছর বয়সী রফিকুল ইসলাম ও ছয় বছরের শাকিরা বৃষ্টি। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

দুর্ঘটনায় হতাহত চারজনেরই গ্রামের বাড়ি বরিশালের উজিরপুরে৷ মাতুয়াইলে ভাড়া বাসায় থাকতেন তারা।

নিহত তিনজনের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মাতুয়াইল এলাকায় বাস-সিএনজির সংঘর্ষের ঘটনায় ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে একই পরিবারের ৩ জন মারা গেছেন। সিএনজিচালক ও এক শিশুর জরুরি বিভাগে চিকিৎসা চলছে। মরদেহ তিনটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

নিহত আব্দুর রহমানের ছেলে তানভীর বলেন, আমরা যাত্রাবাড়ী যাওয়ার উদ্দেশে সিএনজিতে করে মাতুয়াইল এলাকায় এলে পেছন থেকে সেন্টমার্টিন পরিবহনের একটি বাসের ধাক্কা দেয়। পরে সবাইকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে আমার বাবা, বোন, ভাইকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমার ভাগনি শাকিরার চিকিৎসা চলছে। কী থেকে কী হয়ে গেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here