নারায়ণগঞ্জ- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল বলেছেন, ২০১১ সালের নির্বাচনে দলের প্রতি আনুগত্য প্রকাশ করে তৈমূর আলম খন্দকার সেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন। তার সেই ত্যাগের কথা, সেদিন তার চোখের অশ্রু আমরা নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা ভুলে যাইনি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, গত ১৮ বছরের না পাওয়ার ক্ষোভ থেকেই এই নগরীর মানুষ আমাকে ভোট দেবে।
করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রম সংক্রমণ বাড়তে থাকায় একদিন আগেই বুধবার নিজের সর্বশেষ শোডাউন আয়োজন করেন তিনি। আগামীকাল বৃহস্পতিবার এই শোডাউন হওয়ার কথা ছিল। অল্প সময়ের নোটিশেই বিশাল শোডাউন করে নিজের অস্তিত্ব জানান দেন তৈমূর।
বুধবার সকাল থেকেই তৈমূরের পক্ষে নেতাকর্মী ও সমর্থকরা নগরের খানপুর হাসপাতালের সামনে সড়কে জড়ো হতে থাকেন। পথে পথে তৈমূরকে ফুলের পাঁপড়ি ছিটিয়ে বরণ করে নেয় অনেকেই। তৈমূরও হাত নেড়ে ভোটারদের কাছ ভোট চান। নগরের ফুটপাতে থাকা ভোটাররাও পাল্টা হাত নেড়ে তৈমূরকে সমর্থন জানান।
তৈমূরের এই শোডাউনে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা এসএম আকরামসহ জেলা ও মহানগর বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
