৪ দিন পর বাংলাদেশির লাশ ফেরত দিল ভারত

নজর২৪, চুয়াডাঙ্গা- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ওমিদুলের (১৩) লাশ চার দিন পর ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।

 

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় দামুড়হুদা উপজেলার দর্শনা আইসিপি চেকপোস্ট সীমান্ত দিয়ে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তার লাশ হস্তান্তর করা হয়।

 

বিজিবি জানায়, নিহতের চার দিন পর সকল আইনি কর্মকান্ড শেষে দর্শনা সীমান্ত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত দেয় বিএসএফ। বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির উপ-অধিনায়ক আহমেদ ফেরদৌস, বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার বারেক, দর্শনা থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম এবং ভারতের পক্ষে নদীয়া জেলার গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার নগেনদারসহ কৃষ্ণনগর থানা পুলিশ, কাস্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তারা।

 

উল্লেখ্য, গত রবিবার ভোরে ওমিদুল গরু আনতে দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তের কাছাকাছি যায়। এ সময় ভারতীয় নদীয়া জেলার কৃষ্ণনগর থানার রাঙ্গীয়াপোতা ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাকে গুলি করে হত্যার পর লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *