করোনা ঠেকাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ- করোনাভাইরাস ঠেকাতে সরকার কঠোর অবস্থান নিতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, করোনার সংক্রমণ দ্রুত বৃদ্ধি পেলে স্কুল-কলেজ বন্ধ করে দেওয়ার মতো ব্যবস্থা নেওয়া হতে পারে।

আজ শনিবার সকালে মানিকগঞ্জে এক অনুষ্ঠানে এসব কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশে ভয়াবহভাবে করোনা সংক্রমণ বাড়ছে। বাংলাদেশে করোনা সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে রয়েছে। স্কুল-কলেজ খোলা রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার জন্য আপাতত কোন পরিকল্পনা নেই। তবে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য যাত্রীবাহী বাস-ট্রেন-লঞ্চে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতিমধ্যেই এই সিদ্ধান্ত বাস্তবায়নে নির্দেশনা আসবে।

করোনা ভাইরাস নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। সারাদেশে জেলা-উপজেলা পর্যায়ের সকল হাসপাতাল ও নার্স-চিকিৎসকেরা সেবা দেয়ার জন্য প্রস্তুত রয়েছে।

সকল দোকান-পাট রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। রেস্টুরেন্টে টিকা সনদ ছাড়া প্রবেশ করা যাবে না। বাস-ট্রেন-লঞ্চসহ যাত্রীবাহী সকল পরিবহনে অর্ধেক যাত্রী বহন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মাস্ক ছাড়া বাইরে গেলেই ভ্রাম্যমাণ আদালত জেল-জরিমানা করবে বলে হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, দেশে করোনা সংক্রামণ নিয়ন্ত্রণে আছে বলেই এখনো অর্থনীতির চাকা ঘুরছে। কল-কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থীরা স্কুল-কলেজে যেতে পারছে। এই পরিস্থিতি বজায় রাখার জন্য সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *