নজর২৪ ডেস্ক- নতুন প্রধান বিচারপতি নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান বিচারপতি নিয়োগের বিষয়টি অনুমোদন দিয়েছেন।
শুক্রবার বিকাল ৪টায় বঙ্গভবনে শপথ নেবেন প্রধান বিচারপতি। তাকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেন। আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসান ফয়েজ সিদ্দিকী দেশের ২৩তম প্রধান বিচারপতি। তিনি সৈয়দ মাহমুদ হোসেনের স্থলাভিষিক্ত হলেন। হাসান ফয়েজ সিদ্দিকী ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর অবসরে যাবেন।
আপিল বিভাগের বিচারপতিদের মধ্যে জ্যেষ্ঠতার ক্রমধারায় হাসান ফয়েজ সিদ্দিকীর অবস্থান দ্বিতীয়। প্রথম অবস্থানে রয়েছেন বিচারপতি মোহাম্মদ ইমান আলী।
সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগের একমাত্র ক্ষমতা রাষ্ট্রপতির। সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন এবং প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগ দান করবেন।’
নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগের ফাইলে রাষ্ট্রপতির সইয়ের পর প্রধানমন্ত্রীর দফতর হয়ে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে পরে তা গেজেট আকারে প্রকাশিত হয়।
আইন মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারক হাসান ফয়েজ সিদ্দিকীকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করেছেন।
বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ১৯৫৬ সালের ২৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম আবদুল গোফুর মোল্লা এবং মা মরহুম নূরজাহান বেগম। কর্মজীবনে হাসান ফয়েজ সিদ্দিকী খুলনা সিটি করপোরেশন, কুষ্টিয়া পৌরসভা, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন সংস্থা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান আইন উপদেষ্টা হিসেবে কাজ করেন। এছাড়া তিনি বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২০১৩ সালের ২৮ মার্চ আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান। ২০০১ সালে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি এবং ২০০৯ সালে হাইকোর্ট ডিভিশনে স্থায়ী বিচারপতি হন তিনি।
এছাড়া ২০১৫ সালের ৩০ এপ্রিল থেকে এখন পর্যন্ত বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন হাসান ফয়েজ সিদ্দিকী।
আপিল বিভাগের জ্যেষ্ঠতার ক্রম অনুসারে বর্তমানে দায়িত্বরত বিচারপতি মোহাম্মদ ইমান আলী অবসরে যাবেন ২০২২ সালের ৩১ ডিসেম্বর। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর, বিচারপতি মো. নূরুজ্জামান ২০২৩ সালের ৩০ জুন এবং বিচারপতি ওবায়দুল হাসান ২০২৬ সালের ১০ জানুয়ারি অবসরে যাবেন।
