পরিচয় মেলেনি, ২৭ জনের শেষ ঠিকানা হলো গণকবরে

নজর২৪, বরগুনা- লঞ্চ অগ্নিকাণ্ডে নিহত ২৯ জনের জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় বরগুনা সার্কিট হাউস সংলগ্ন ঈদগাহ মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়।

 

ওই ঘটনায় নিহত ৪১ জনের ৩৭ জনই বরগুনার। এই ৩৭ জনের মধ্যে ৪ জনের মরদেহ ঝালকাঠি থেকেই শনাক্ত করে নিয়ে যান স্বজনরা। এরপর বাকি ৩৩ মরদেহ শুক্রবার রাত সোয়া ১১টায় বরগুনা সদর হাসপাতালে পৌঁছায়। হাসপাতাল থেকে ৪ জনের মরদেহ শনাক্ত করে নিয়ে যান স্বজনরা।

 

পরে ২৯ জনের জানাজা সম্পন্ন হয়। জানাজার পরে আরও ২ জনকে শনাক্ত করে স্বজনরা। বাকি ২৭ মরদেহ দাফনের জন্য নিয়ে আসা হয়।

 

বরগুনার জেলা প্রশাসক (ডিসি) হাবিবুর রহমান জানান, ২৭টি মরদেহ পোটকাখালী গণকবরে দাফন করা হয়েছে। এসব মরদেহের ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। শনাক্তের ভিত্তিতে পরবর্তী সময়ে কবর বুঝিয়ে দেয়া হবে।

 

উল্লেখ‌্য, ২৩ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনার উদ্দেশে যাওয়া এমডি অভিযান-১০ নামের লঞ্চে অগ্নিকাণ্ড ঘটে। এতে এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। নিখোঁজ রয়েছেন অনেকে। পুড়ে যাওয়া লঞ্চটিতে কতজন যাত্রী ছিলো তার সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি।

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে, লঞ্চটিতে প্রায় ৪০০ যাত্রী ছিলো। তবে লঞ্চ থেকে প্রাণে বেঁচে যাওয়া যাত্রীদের অনেকে বলছেন, নৌযানটিতে যাত্রী ছিলো ৭০০ থেকে এক হাজার জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *