নতুন বছরে বিএনপি সরকার ক্ষমতায় আসবে: দুদু

নজর২৪, গাইবান্ধা- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নতুন বছরে নতুন সরকার আসবে। নতুন বছরে খালেদা জিয়ার সরকার আসবে, তারেক জিয়ার সরকার আসবে। সর্বোপরি বিএনপি সরকার ক্ষমতায় আসবে।

 

শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে জেলা বিএনপি কার্যালয়ে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সু-চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

দুদু বলেন, এখনো সময় আছে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। বিদেশে যাওয়ার অনুমতি দিন। বেগম খালেদা জিয়ার যদি কিছু হয়, তাহলে কিন্তু পালানোর সময় পাবেন না। কেউ যদি মনে করেন বাপের রাজত্ব তাহলে ভুলে যান, এটা খালেদা জিয়ার রাজত্ব।

 

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ এমপি। এছাড়াও বক্তব্য রাখেন, বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও সৈয়দ জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজা পাহলভী মাসুম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টা ড. মিজানুর রহমান মাসুম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি আশরাফুল আলম ফকির লিংকনসহ অন্যান্য নেতাকর্মীরা।

 

গণসমাবেশে গাইবান্ধার সাত উপজেলার ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।

 

দুপুরের পর থেকেই গণসমাবেশে যোগ দিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতাদের নেতৃত্বে খণ্ড খণ্ড মিছিল সমাবেশস্থলে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *