ডা. মুরাদের ফ্লাইটটি ঢাকার পথে

নজর২৪ ডেস্ক- কানাডার পর দুবাইয়ে ঢুকতে চেয়েও ব্যর্থ হওয়া সাবেক তথ্যপ্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান দেশে ফেরার জন্য এমিরেটসের যে ফ্লাইটের টিকিট কিনেছেন সেটি এখন ঢাকার পথে রয়েছে।

 

মুরাদ এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮৬ ফ্লাইটটির টিকিট কিনেছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র। উড়োজাহাজটির রোববার বিকেল ৪টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

 

সারা বিশ্বে বিমান চলাচল পর্যবেক্ষণকারী ‘ফ্লাইটস্টারস’-এর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দুবাই বিমানবন্দর থেকে রোববার সকাল ১০টা ৪৬ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮৬ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে।

 

দুবাই থেকে ৪ ঘণ্টা ২১ মিনিটের যাত্রা শেষে এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। অবতরণের নির্ধারিত সময় বিকেল ৪টা ৫৫ মিনিট হলেও ৫টা ৭ মিনিটের দিকে এটি ঢাকায় নামবে বলে মনে করছে ‘ফ্লাইটস্টারস’।

 

রিয়েল টাইম ট্রাকার অনুযায়ী, বেলা ২টায় রোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজটি গালফ অফ ওমানের ওপর ছিল।

 

অশালীন বক্তব্য দিয়ে প্রতিমন্ত্রীর পদ হারানোর পর গত বৃহস্পতিবার রাত ১টা ২০ মিনিটে কানাডার উদ্দেশে ঢাকা ছাড়েন মুরাদ হাসান। এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট ইকে ৮৫৮৫-এ তিনি প্রথমে দুবাই যান, এরপর সেখান থেকে আরেকটি ফ্লাইটে কানাডার উদ্দেশে যাত্রা করেন।

 

তবে টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেয় কানাডীয় কর্তৃপক্ষ। পরে দুবাই থেকে যাওয়ার চেষ্টা করলেও সফল হননি ডা. মুরাদ হাসান। ভিসা না থাকায় দুবাই থাকার অনুমতি মেলেনি তার।

 

এদিকে মুরাদ হাসান যাতে দেশে ফিরতে না পারেন, এজন্য সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে বিক্ষোভ করেছেন কয়েকজন। বিমানবন্দর এলাকার মূল ফটকের বাইরের সড়কে প্রায় ৩০-৪০ জন নিজেদের আওয়ামী লীগের কর্মী দাবি করে মুরাদকে রুখে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন এসআই জানান, কিছু লোক প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিল। তারা ১১টার দিকে চলে য়ায়। তারা বলেছে, বিকেলে আবার আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *