জাহাঙ্গীরের মোটরসাইকেলে ডা. মুরাদ, ফেসবুকে ছবি ভাইরাল

নজর২৪ ডেস্ক- গাজীপুর সিটি করপোরেশনের বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলম মোটরসাইকেল চালাচ্ছেন আর পেছনে বসে আছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি ছবি ভাইরাল হয়েছে।

 

বহিষ্কৃত মেয়র ও এমপি ডা. মুরাদকে পদত্যাগ করতে নির্দেশ দেওয়ার খবর প্রকাশ পেলে তাদের দু’জনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকে ‘ভাই ভাই’ ক্যাপশন দিয়ে ছবিটি শেয়ার করছেন।

 

তবে, ছবিটি গত মে মাসের। চলতি বছরের ২৩ মে জাহাঙ্গীর আলম নিজের ফেসবুক পেইজে একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, আজ রাতে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি মহোদয়কে মোটরসাইকেলে নিয়ে গাজীপুর সিটির চলমান উন্নয়ন কাজ দেখালাম। মূলত সেই ভিডিওর এ স্থিরচিত্রটি ভাইরাল হয়েছে।

 

প্রসঙ্গত, বঙ্গবন্ধুকে নিয়ে ‘কটূক্তিমূলক’ মন্তব্য করায় সম্প্রতি গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীরকে বহিষ্কার করা হয়েছে। তাকে দল থেকেও করা হয়েছে স্থায়ী বহিষ্কার।

 

অন্যদিকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদের সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ‘অসৌজন্যমূলক’ মন্তব্য ও এক চিত্রনায়িকাকে তুলে এনে ধ র্ষ ণের হুমকির একটি অডিও ক্লিপ ফাঁস হয়। এ ঘটনায় প্রতিমন্ত্রী মুরাদকে পদত্যাগ করতে বলেছেন প্রধানমন্ত্রী।

 

মঙ্গলবারের মধ্যে তাকে পদ ছেড়ে দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

সোমবার রাতে তিনি সাংবাদিকদের বলেন, ‘আজ সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে এবং আমি আজ রাত ৮টায় প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে বার্তাটি পৌঁছে দিই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *