শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ঢাকা, বিভিন্ন এলাকায় অবরোধ

নজর২৪, ঢাকা- বাস চাপায় সহপাঠীর মৃত্যুর সুষ্ঠু বিচার, নিরাপদ সড়কসহ কয়েকটি দাবিতে গত কয়েকদিন ধরে রাজধানীতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। দিন যত যাচ্ছে তাদের আন্দোলন তীব্র হচ্ছে। তারপরও সড়কে বেপরোয়া গাড়ির চাপায় শিক্ষার্থী মারা যাওয়ার ঘটনা থামছে না।

 

গত সপ্তাহে গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাপায় নটরডেম কলেজের শিক্ষার্থীর মৃত্যুর পর সড়কে নেমে আসেন শিক্ষার্থীরা।

 

নিরাপদ সড়কের দাবিতে তাদের চলমান আন্দোলনের মধ্যেই সোমবার (২৯ নভেম্বর) রাতে গ্রিন অনাবিল পরিবহনের একটি বাসের চাপায় রামপুরা বাজারের সামনে প্রাণ হারান আরেক শিক্ষার্থী (এসএসসি পরীক্ষার্থী দুর্জয়)। ওই ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী বেশ কয়েকটি বাসে আগুন দেন।

 

আগের ঘটনার রেশ না কাটতেই সোমবারের রাতের ঘটনা শিক্ষার্থীদের আন্দোলন আরো বেগবান করে। যে কারণে সকালেই তারা নেমেছেন সড়কে। ‘ছাত্র সমাজ জেগেছে, উই ওয়ান্ট জাস্টিস, সড়কের হত্যাকারীদের বিচার চাই’- তাদের এমন স্লোগানে উত্তাল ঢাকার সড়ক।

 

ক্লাস শেষ হতেই কাঁধে ব্যাগ নিয়ে সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক দখলে নিয়েছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। রাস্তায় বসে অবরোধ করছেন তারা।

 

মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে মিছিল নিয়ে ধানমন্ডি ২৭ নাম্বার এলাকায় কয়েকটি কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। রামপুরায়ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। অন্যদিকে নটর ডেম কলেজের সামনেও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

 

শিক্ষার্থীদের ৯ দফা দাবির মধ্যে অন্যতম হলো সব ধরনের গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া ও সড়ক আইনে কঠোর শাস্তির বিধান করা। শিক্ষার্থীরা জানান, ৯ দফা দাবি আদায়ে গত বৃহস্পতিবার তারা সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে গিয়েছিলেন। তখন বিআরটিএ কর্তৃপক্ষ এক সপ্তাহ সময় চায়। আজকের (৩০ নভেম্বর) মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন জারি করা না হলে দুপুরের দিকে বিআরটিএ কার্যালয় ঘেরাও করবে তারা।

 

উল্লেখ্য, সোমবার রাতে রামপুরায় বাসের ধাক্কায় এক শিক্ষার্থীর মৃত্যুর পর অন্তত ৮টি বাস পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এ সময় ভাঙচুর করা হয়েছে আরও চারটি বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *