নজর২৪, ঢাকা- শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাসে হাফ ভাড়া কার্যকর করেছেন বাস মালিকরা। আগামী ১ ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে শুধুমাত্র ঢাকায় শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়া হবে। ঢাকার বাইরে সবাইকে দিতে হবে ফুল ভাড়া।
মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ।
মালিক সমিতির অন্যতম শীর্ষ এই নেতা বলেন, ‘ভাড়া দেওয়ার সময় স্বস্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেওয়া ছবিসহ আইডি কার্ড প্রদর্শন করতে হবে। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। সরকারি ছুটি, সাপ্তাহিক ও মৌসুমী ছুটির সময় হাফ বাড়া কার্যকর হবে না। এই সিদ্ধান্ত শুধু ঢাকার জন্য, ঢাকার বাইরে এটা কার্যকর হবে না।
সংবাদ সম্মেলনে রাজধানীর রামপুরায় মাইনুদ্দিন দুর্জয় নামে এক শিক্ষার্থী নিহতের প্রসঙ্গটিও উঠে আসে। তিনি দুর্জয়ের ‘হত্যাকারী’দের তদন্ত সাপেক্ষে শাস্তি দাবি করেন।
এসময় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলীসহ পরিবহন নেতারা উপস্থিত ছিলেন।
