নজর২৪ ডেস্ক- লক্ষ্মীপুরের রামগঞ্জের ইছাপুর ইউনিয়নে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সজিব (২৫) নিহত হয়েছেন।
ভোট শেষ হওয়া আগ মূহুর্তে ইউনিয়নের নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এই সংঘর্ষ হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল ও সহ-সভাপতি মেহেদী হাসান মঞ্জু ওই নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সজিব উপজেলার ইছাপুর ইউনিয়নের ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি। তিনি ইছাপুর ইউনিয়নের নৌকার প্রার্থী শাহিনুর আক্তারের পক্ষে ভোটকেন্দ্রে দায়িত্বে ছিলেন। গত ১৫ নভেম্বর সাবেক কমিটি বিলুপ্তির পর তাকে সভাপতি করে নতুন কমিটি গঠন করা হয়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ওই কেন্দ্রের সামনে বিকাল পৌনে চারটার দিকে নৌকা ও এর বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আমির হোসেন খানের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এটি সংঘর্ষ পর্যন্ত গড়ায়। সে সময় মাথায় আঘাত পান সজিব হোসেন। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত সাজ্জাদের এলাকার বাসিন্দা ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান মঞ্জু বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছিল। হঠাৎ বিদ্রোহী প্রার্থীর লোকজন আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় আহত ছাত্রলীগ নেতা সজিব মারা গেছেন। আমরা কোনোভাবে প্রাণে বেঁচে এসেছি।
বক্তব্য জানতে প্রার্থী আমির হোসেন খানকে কল দিলে অন্য এক ব্যক্তি তা রিসিভ করেন। এ সময় ওই ব্যক্তি ব্যস্ততা দেখিয়ে কল কেটে দেন।
