নজর২৪, ঢাকা- রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মেয়ে মাহমুদা খানম ভাসানী।
হাসপাতালে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান মজলুম জননেতা ভাসানীর পরিবারের ৫ সদস্য। ৩০ মিনিটের মতো তারা হাসপাতালে ছিলেন।
বিএনপি চেয়ারপারসনকে দেখে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভাসানীর ছোট মেয়ে মাহমুদা খানম ভাসানী।
তিনি বলেন, ‘বেগম জিয়া কথা বলতে পারছেন, তবে খুব ধীরে ধীরে। তিনি খুবই দুর্বল। তার সঙ্গে কথা হলে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
‘তার শারীরিক অবস্থা বিবেচনা করে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাকে বিদেশে পাঠিয়ে সুচিকিৎসার সুযোগ দেয়ার জোর দাবি জানাই।’
ভাসানীর নাতি হাবিব হাসান মনার বলেন, আমরা বেগম জিয়াকে দেখতে গিয়েছিলাম। তার ডাক্তাররা বলেছেন বেগম জিয়ার অবস্থা খারাপ। তাকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার দাবি জানাই ভাসানীর পরিবারের পক্ষ থেকে।
নাতি মাহমুদুল হক শানু বলেন, মজলুম জননেতা মওলানা ভাসানী আজীবন মজলুমের পক্ষে লড়াই করেছেন। যেখানে অন্যায় সেখানেই ছিল তার প্রতিবাদী কন্ঠ। পাকিস্তান সরকারের ফাঁসির দড়ি থেকে তিনি যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্ত করেছিলেন, তেমনি দেশের গণতান্ত্রিক সংগ্রামের অসংখ্য নেতাদের নিপীড়নের হাত থেকেও রক্ষা করেছিলেন। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য মওলানা ভাসানীর পরিবারের পক্ষ থেকে আমরা সরকারের কাছে আমাদের জোর দাবি জানাচ্ছি।
এছাড়া ভাসানীর পরিবার থেকে ভাসানীর বড় মেয়ে রিজিয়া ভাসানী, নাতনি সুরাইয়া সুলতানা এসেছিলেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, বিশেষ সহকারী শামসুর রহমান, শিমুল বিশ্বাস, ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
