নজর২৪, ঢাকা- সরকারের অনুমতি না নিয়ে পাকিস্তানি পতাকা উত্তোলনে অভিযোগে পাকিস্তান ক্রিকেট টিমের বিরুদ্ধে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আববকর ছিদ্দিকের আদালতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মামুন মামলার এই আবেদন করেন।
এদিন বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন বিচারক।
মামলায় পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ বাবর আজম, কোচ সাকলাইন মোস্তাক, ম্যানেজার মনসুর রানা, শাদাব খান, ফখর জামান, আসিফ আলী, হায়দার আলী, হ্যারিস রউফ, হাসান আলী, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, শাহনেওয়াজ দাহানি, ওসমান কাদির ও শহীদ আসলামকে আসামি করার আবেদন করা হয়েছে।
পাকিস্তান ক্রিকেট দল এখন চট্টগ্রামে অবস্থান করছে। বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টে খেলতে শুক্রবার মাঠে নামছে পাকিস্তান দল।
এর আগে গেল বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামে অনুশীলনের সময় পাকিস্তানের পতাকা ওড়ানোর জন্য শাস্তি দাবি করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন থেকে পাকিস্তানের পতাকা পুড়িয়ে এ দাবি জানানো হয়।
পতাকা ওড়ানোর ঘটনায় নীরব ভূমিকার জন্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের অপসারণেরও দাবি তুলেছে সংগঠনটি।
