নজর২৪, চাঁদপুর- চাঁদপুরের কচুয়ায় সিএনজিচালিত অটোরিকশায় বিআরটিসি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। হতাহতদের প্রত্যেকেই অটোরিকশার যাত্রী ছিলেন।
হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কে কচুয়া উপজেলার কড়ইয়া এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার দোয়াটি গ্রামের রাজকুমারের মেয়ে কুমিল্লা ভিক্টরিয়া কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ঊর্মি মজুমদার (২৪) ও একই কলেজের শিক্ষার্থী কোয়া গ্রামের রিফাত (২৩) এবং নিশ্চিতপুর গ্রামের ছেলে ও চাঁদপুর সরকারি কলেজের অনার্সের ছাত্র মান্নানের ছেলে সাদ্দাম (২২)।
এ ঘটনায় আহতরা হলেন, বালিয়াতলী গ্রামের মোখলেসুর রহমানের ছেলে ইব্রাহিম (২৫) ও নিশ্চিতপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মনির (৩৫)।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সকাল ৭টায় হাজীগঞ্জ থেকে বিআরটিসি’র একটি বাস ঢাকায় যাওয়ার পথে কচুয়া বিশ্বরোডের কড়ুইয়া এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই উর্মি মজুমদার এবং কুমিল্লায় নেওয়ার পথে মাহবুব ও সাদ্দামের মৃত্যু হয়।
আহত দুজনের মধ্যে ইব্রাহীম কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সিএনজিচালক মনির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
পুলিশ বিআরটিসি’র বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
