নজর২৪, ঢাকা- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এক দফা অথবা ১০ দফা আন্দোলন করুক, তাতে আওয়ামী লীগের কিছু যায় আসে না। কারণ আওয়ামী লীগ আন্দোলনে ভয় পায় না।
সোমবার (২২ নভেম্বর) বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ রাজপথের সংগঠন। আন্দোলন-সংগ্রাম করেই ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। জেল-জুলুম-নির্যাতনের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের দাবি আদায়ের সাহসী সংগঠন আওয়ামী লীগ।
কাদের বলেন, অতীতেও দেশবাসী বিএনপির দফাভিত্তিক আন্দোলন দেখেছে। তাদের আন্দোলন রাজপথে নয়, তাদের আন্দোলন হচ্ছে ফেসবুক আর মিডিয়া নির্ভর।
বিএনপির আবারও গণ-আন্দোলনের হুমকি বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তাদের এসব হুমকি-ধামকি নিজেদের পদ-পদবি টিকিয়ে রাখার চেষ্টা ছাড়া আর কিছুই নয়।’
তিনি বলেন, ‘বিএনপি নেতারা তাদের আন্দোলনের সক্ষমতা সম্পর্কে ভালোই জানেন। তবুও তারা কর্মী-সমর্থকদের রোষানল থেকে বাঁচতে গণমাধ্যমে অবিরাম লিপ-সার্ভিস দিয়ে যাচ্ছেন।’
বিএনপি নেতারা গত একযুগের বেশি সময় ধরে নানা ইস্যুতে আন্দোলন আর সরকার পতনের হুমকি দিয়ে আসছে, প্রকৃতপক্ষে এসব হুমকি সরকার ও জনগণের মনে কোনোরূপ আগ্রহ বা উদ্বেগ সৃষ্টি করতে পারেনি বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা সরকার বিএনপির হাতে কখনও ইস্যু তুলে দেবে না, তাই জনগণের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনও ইস্যুতে সরকার সবসময়ই সক্রিয় ও তৎপর।’
তিনি জানান, ইউনিয়ন পরিষদের তৃতীয় দফা নির্বাচন আসন্ন এবং চতুর্থ দফা নির্বাচনে মনোনয়ন প্রক্রিয়া এগিয়ে চলছে, এর পর পঞ্চম ধাপও সমাগত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে দলের সর্ব-পর্যায়ের নেতাকর্মীদের আবারও দলীয় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘দলের মনোনয়নকে উপেক্ষা করে যারা বিদ্রোহ করছেন বা বিদ্রোহীদের উসকানি দিচ্ছেন, তাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের তালিকা প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছে।’
