নজর২৪ ডেস্ক- ঢাকা-৫ আসনের উপনির্বাচনে বিভিন্ন কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। শনিবার সকাল ৯ টা থেকে এ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।
বিএনপি প্রার্থী জানান, ৫০নং ওয়ার্ডের ৯ নম্বর কেন্দ্র যাত্রাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপির এজেন্টরা গেলে তাদের স্কুল প্রাঙ্গণ থেকে জোর দিয়ে বের করে দেয়া হয়।
এছাড়াও ৬৮নং ওয়ার্ডের হাজী আদর্শ মোয়াজ্জেম আলী হাই স্কুল, সানারপাড় রুস্তম আলী হাইস্কুল ও ফুলকলি প্রাথমিক বিদ্যালয় এবং ৬৬নং ওয়ার্ডের ভ্যামুইল আইডিয়াল স্কুল, সারুলিয়া ডগাইর দারুস সুন্নত ফাজিল ফাদ্রাসা,৭০নং ওয়ার্ডে ১৮৫নং কেন্দ্র (আমুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়), দেল্লা ও ৬৬নং ওয়ার্ডের ১৪৮ ও ১৪৯ কেন্দ্র থেকে বিএনপির সব পোলিং এজেন্টদের পুলিশের সামনেই আওয়ামী লীগের নেতাকর্মীরা বের করে দিয়েছে।
এদিকে ৪৮নং ওয়ার্ডের সব কেন্দ্র দখলের অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী। এছাড়া নৌকা সমর্থকরা কেন্দ্রে তাদের দাঁড়াতে দিচ্ছে না বলে অভিযোগ করেছে ৫০ নম্বর ওয়ার্ড ধানের শীষের সমন্বয়কারী মিতু আক্তার।
সরেজমিনে দেখা গেছে, মান্নান হাইস্কুল এন্ড কলেজ, শামীম শিকদার স্কুল এন্ড কলেজ ও সেরাজুল ইসলাম ভূঁইয়া স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ধানের শীষের এজেন্ট নেই। মান্নান হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে এজেন্ট বের করে দিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতারা।
এদিন শনিবার (১৭ অক্টোবর) সকাল পৌনে দশটায় যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনের মাধ্যমে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন তার দিনের কর্মসূচি শুরু করেন। প্রায় ১৫ মিনিট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন।
আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন, তার সমালোচনা করেন সালাউদ্দিন। তিনি বলেন, আওয়ামী লীগের এই প্রার্থীও এ আসনের ভোটার না। তিনি যদি ভোট দেয়ার কথা বলে থাকেন, তাহলে সেটা মিথ্যা কথা বলেছেন।
