খালেদা জিয়া উড়ে এসে জুড়ে বসেননি : মির্জা ফখরুল

নজর২৪, ঢাকা- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইনমন্ত্রীর বক্তব্যকে ‘ডাহা মিথ্যা’ বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

তিনি বলেন, সরকার চাইলেই খালেদা জিয়াকে মুক্তি দিতে পারে। চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ করে দিতে পারে। কিন্তু তারা (সরকার) সেটা করবে না। শুধু রাজনীতি নয়, খালেদা জিয়াকে জীবন থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার।

 

শুক্রবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি এসব কথা বলেন।

 

মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া উড়ে এসে জুড়ে বসেননি। দীর্ঘ নয় বছর জনগণকে সাথে নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে জনগণের সরকার প্রতিষ্ঠা করেছিলেন। তিনি এখনও কারাগারে রয়েছেন গণতন্ত্রের জন্য। রাজনৈতিক প্রতিহিংসা, প্রতিশোধ এবং অহংকার-দাম্ভিকতার কারণে আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এভাবে কারাগারে রাখা হয়েছিল। কারণ তারা জানেন— যদি বেগম খালেদা জিয়া বাইরে থাকে তাহলে জনগণকে সঙ্গে করে গণতন্ত্র পুনরুদ্ধার করতেন।

 

‘গণতন্ত্র এবং খালেদা জিয়ার মুক্তি আলাদা করে দেখার কোনও অবকাশ নেই’ মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, ‘দেশকে রক্ষা করতে হলে, জনগণকে রক্ষা করতে হলে, গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনতে হলে— আমাদের বাতিঘর বেগম খালেদা জিয়াকে সুস্থ করতে হবে, মুক্ত করতে হবে।’

 

খালেদা জিয়াকে নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত দাবি করে মির্জা ফখরুল বলেন, এটা কোনো রাজনৈতিক ভাষার কথা তিনি বলেননি।

 

আলোচনা সভা শেষে মির্জা ফখরুল ইসলাম বিএনপি চেয়ারপারসনের উন্নত চিকিৎসার দাবিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅনশন কর্মসূচির ঘোষণা দেন।

 

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগের ক্ষমতা থাকার কোনো যোগ্যতাই নেই। কিন্তু তারপরও তারা ক্ষমতায় আছে। সময়টা খুবই খারাপ। তারা বিরোধী দলগুলোকে শেষ করার চক্রান্ত চলছে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

 

তিনি বলেন, আমি সত্যি সত্যি জানি না খালেদা জিয়ার শারীরিক অবস্থা কতটা খারাপ। তবে, আমি চিকিৎসককে জিজ্ঞেস করলাম তার অবস্থা আগের চাইতে কী ভালো, নাকি খারাপ? তখন চিকিৎসকের চেহারায় একটা বার্তা দেখলাম। যদি তার অবস্থা ভালো হতে চিকিৎসক ভালো বলতেন, কিন্তু তিনি ভালো বলতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *