নজর২৪, ঢাকা- বঙ্গবন্ধু সেতুতে আবারো পুনর্নির্ধারিত টোল আদায়ের নির্দেশ দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। নির্দেশনা অনুসারে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দিনগত রাত ১২টার পর থেকে সেটি কার্যকর হবে।
বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল।
তিনি বলেন, রাত ১২টার পর থেকে বঙ্গবন্ধু সেতুতে পরিবহন থেকে সরকার ঘোষিত পুনর্নির্ধারিত টোল আদায় কার্যক্রম শুরু হচ্ছে। সে উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ফলে পূর্বের নির্ধারিত টোল দিয়ে সেতু পারাপার হতে পারবে না চালকরা।
এর আগে গত ২ নভেম্বর (মঙ্গলবার) বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বৃদ্ধি নিয়ে প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পরদিন থেকেই বঙ্গবন্ধু সেতুতে পারাপার হওয়া যানবাহন চালকদের মাঝে টোল বৃদ্ধি করে জারি করা প্রজ্ঞাপনসহ নিজস্ব উদ্যোগে লিফলেট ছাপিয়ে প্রচারণা শুরু করে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ। তবে ১৫ নভেম্বর অনিবার্য কারণে মন্ত্রণালয় থেকে বাড়তি টোল আদায় কার্যক্রম শুরু না করার জন্য নির্দেশনা দেয়া হয়।
বঙ্গবন্ধু সেতুতে টোল বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপনে জানানো হয়, সেতু বিভাগের আওতাধীন বঙ্গবন্ধু সেতুর জন্য অনুমোদিত যানবাহনের শ্রেণীবিন্যাস এবং টোল হার ধরা হয়েছে- মোটরসাইকেল ৫০ টাকা, কার/জীপ ৫৫০ টাকা, মাইক্রো-পিকআপ ৬০০ টাকা, ছোট বাস (৩১ আসন বা এর কম) ৭৫০ টাকা, বড় বাস (৩২ আসন বা এর বেশি) ১০০০ টাকা, ছোট ট্রাক (৫ টন) ১০০০ টাকা, মাঝারি ট্রাক (৫ টন থেকে ৮ টন) ১২৫০ টাকা, মাঝারি ট্রাক (৮ টন থেকে ১১ টন) ১৬০০ টাকা, ট্রাক (৩ এক্সেল) ২০০০ টাকা, ট্রেইলার (৪ এক্সেল) ৩০০০ টাকা, ট্রেইলার (৪ এক্সেলের অধিক) ৪০০০ টাকা এবং সেতুর উপর দিয়ে ট্রেন চলাচলের জন্য প্রতিবছর ১ কোটি টাকা টোল আদায় করা হবে।
উল্লেখ্য, এর আগে ২০১১ সালে বঙ্গবন্ধু সেতুতে টোল বৃদ্ধি করা হয়েছিল। সে সময় টোল বেড়ে মোটরসাইকেলে ৪০ টাকা, কার/জীপ ৫০০ টাকা, ছোট বাস ৬৫০ টাকা, বড় বাস ৯০০ টাকা, ছোট ট্রাক ৮৫০ টাকা, মাঝারি ট্রাক ১১০০ টাকা, বড় ট্রাক ১২৫০ থেকে ১৪০০ টাকা হয়েছিল।
