বিনা প্রয়োজনে ঢাবি ক্যাম্পাসে আসবেন না : প্রক্টর

নজর২৪, ঢাকা- বিনা প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বহিরাগতরা অবস্থান করতে পারবেন না বলে জানিয়েছেন ঢাবি প্রক্টর এ কে এম গোলাম রব্বানী। মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

 

ঢাবি প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতরা যেন অবস্থান করতে না পারেন সেজন্য গত রবিবার রাত থেকে অভিযান চালানো হচ্ছে। বহিরাগতদের অনুরোধ করছি, প্রয়োজন ছাড়া কেউ যেন ক্যাম্পাসে অবস্থান না করেন। শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস বজায় রাখতে এ অভিযান চালানো হচ্ছে।

 

তবে কারো প্রয়োজন হলে সে ক্যাম্পাসে আসতে পারবে। তাকে কোনও ধরনের বাধা দেওয়া হবে না।

 

প্রক্টর বলেন, ক্যাম্পাসকে পার্ক বা বিনোদনকেন্দ্রের মতো ব্যবহার করা যাবে না। শিক্ষার পরিবেশ সমুন্নত রাখতে আমরা সবার সহযোগিতা চাই। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আড্ডার জায়গা নয়, আড্ডার জায়গা হলো পার্ক, রেস্তোরাঁ ও কফি হাউজ।

 

ক্যাম্পাসে গত তিন দিনের অভিযানে কয়েক ডজন গাড়ির মালিককে জরিমানা করা হয়েছে বলে জানালেন প্রক্টর। এ ছাড়া ক্যাম্পাসের সড়কে ভারী যানবাহনের চলাচল ও বহিরাগত নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং পুলিশের সহযোগিতায় শিক্ষার্থীদের একটি অংশও নিয়মিত অভিযান চালাচ্ছে।

 

ক্যাম্পাসের টিএসসি এলাকার পাশে সোহরাওয়ার্দী উদ্যানের ফটকের সামনের ভাসমান দোকানগুলোও উচ্ছেদ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *