এবার ঢাকায় এলেন বাবর-মালিক

স্পোর্টস আপডেট ডেস্ক- দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে গত শনিবার ঢাকা এসেছে পাকিস্তান ক্রিকেট দল। সোমবার থেকে মিরপুরে অনুশীলন শুরু করেছে সফরকারীরা। অধিনায়ক বাবর আজম ও শোয়েব মালিককে ছাড়াই এসেছিল পাকিস্তান। এই দুই ক্রিকেটার মঙ্গলবার ঢাকা এসে পৌঁছেছেন।

 

বিশ্বকাপের পর ছুটি কাটিয়ে সকাল ৮টায় এমিরেটস এয়ারলাইন্স যোগে দুবাই থেকে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম ও অলরাউন্ডার শোয়েব মালিক। তাদের আসার খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা ওয়াসিম খান।

 

তবে বাবর-মালিক আজই দলের সঙ্গে অনুশীলন নামতে পারবেন না। এই সিরিজের কোভিড প্রটোকল অনুযায়ী হোটেলে ওঠার পর করোনাভাইরাস পরীক্ষা হবে তাদের। এই পরীক্ষার ফল আসবে ১২ ঘণ্টা পর। নেগেটিভ এলে আগামীকাল (বুধবার) অনুশীলন করতে পারবেন বাবর আজম, শোয়েব মালিক।

 

এদিকে দলের সঙ্গেই বাংলাদেশে এসেছেন ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটানো মোহাম্মদ রিজওয়ান। টি-টোয়েন্টিতে এক পঞ্জিকবর্ষে সর্বোচ্চ রানের রেকর্ড করা ও টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহক হওয়া ডানহাতি এই ব্যাটসম্যান বিশ্রামে ছিলেন। আজ থেকে অনুশীলনে যোগ দিয়েছেন রিজওয়ান।

 

উল্লেখ্য, দুই দলের ৩ টি-টোয়েন্টির সবকটি হবে মিরপুরে। প্রথমটি হবে আগামী ১৯ নভেম্বর। ২০ ও ২২ নভেম্বর হবে পরের ২ ম্যাচ। প্রথম টেস্টটি হবে ২৬ থেকে ৩০ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৪ থেকে ৮ ডিসেম্বর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট। এই সিরিজ দিয়েই টেস্ট চ্যাম্পিনশিপের দ্বিতীয় আসরের যাত্রা শুরু হবে মুমিনুল হকদের।

 

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, ফাখর জামান, হায়দার আলি, হারিস রউফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, শাহ নেওয়াজ দাহানি ও উসমান কাদির।

 

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টেস্ট স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলি, আজহার আলি, ফাওয়াদ আলম, ইমাম-উল-হক, কামরান গুলাম, সউদ শাকিল, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), ফহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, বিলাল আসিফ, হাসান আলি, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, নোমান আলি, সাজিদ খান, শাহিন আফ্রিদি ও জাহিদ মাহমুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *