Home দেশের খবর পররাষ্ট্রমন্ত্রীকে বহিষ্কারের দাবি জানিয়ে সিলেটে ‘ধিক্কার মিছিল’

পররাষ্ট্রমন্ত্রীকে বহিষ্কারের দাবি জানিয়ে সিলেটে ‘ধিক্কার মিছিল’

0
185

নজর২৪, সিলেট- সাম্প্রদায়িক সহিংসতা ইস্যুতে দেয়া একটি বক্তব্যের জেরে নিজ নির্বাচনি এলাকাতেই ক্ষোভের মুখে পড়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

 

সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকা থেকে শুক্রবার বিকেলে তার বিরুদ্ধে ধিক্কার মিছিল বের করে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করে সংগঠনটি। সেখানে মন্ত্রিসভা থেকে পররাষ্ট্রমন্ত্রীকে বহিষ্কারের দাবি জানানো হয়।

 

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সিলেট নগর ও সদর উপজেলা নিয়ে গঠিত সিলেট-১ আসনের সাংসদ। গত নির্বাচনে এই আসন থেকে বিজয়ী হন তিনি। এর আগে তার বড় ভাই আবুল মাল আবদুল মুহিত এই আসনের সাংসদ ছিলেন।

 

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ধিক্কার মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনকে মন্ত্রিপরিষদ থেকে বহিষ্কারের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাম্প্রদায়িক হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়েছেন। এমন পরিস্থিতিতে পররাষ্ট্রমন্ত্রী কীসের ভিত্তিতে মিথ্যাচার করেছেন। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আমাদের আঘাত দিয়েছে। সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা সুবিধাবাদীরা মিথ্যাচারের মাধ্যমে ফায়দা নিতে চায় বলে দাবি করেছেন ঐক্য পরিষদের নেতারা।

 

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্যের সভাপতিত্বে ধিক্কার মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দেন পরিষদের মহানগর সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা।

 

ঐক্য পরিষদের মহানগর সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেবের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, মহানগর সভাপতি সুব্রত দেব, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here