নজর২৪, ঢাকা- বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির বার্তা প্রধান (হেড অব নিউজ) শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এক নারী বাদী হয়ে গুলশান থানায় এ মামলা করেন।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর গুলশান থানায় করা ওই মামলায় শাকিলের বিরুদ্ধে ধর্ষণ ও ভ্রূণ হত্যার অভিযোগ আনা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণ এবং ভ্রূণ হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে আনা হয়েছে। ধর্ষণের অভিযোগ করা ওই নারীর ডাক্তারি পরীক্ষা করা হবে। তবে শাকিল আহমেদকে এখনো গ্রেফতার করা যায়নি।
এদিকে পুলিশ সূত্রে জানা যায়, শাকিল আহমেদের বিরুদ্ধে করা মামলার বাদী ওই নারী একজন চিকিৎসক। তার সঙ্গে শাকিল আহমেদের সম্পর্ক হয়। পরে ওই নারীকে বিয়ের আশ্বাস দেন শাকিল আহমেদ। সম্পর্কের এক পর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে শাকিলের কথায় তিনি ভ্রূণ নষ্ট করেন। কিন্তু এরপর শাকিল আর তাকে বিয়ে করেননি।
এর আগে শাকিল আহমেদের বিরুদ্ধে একই অভিযোগ এনে এক সংবাদ সম্মেলনে ওই নারী দাবি করেছিলেন, চাকরির জন্য প্রায় সাত-আট মাস আগে শাকিলের সঙ্গে তার যোগাযোগ হয়। সেখান থেকেই তাদের মধ্যে সম্পর্কের শুরু। পরে অন্তঃসত্ত্বা ও ভ্রূণ নষ্টের পরও তাকে বিয়ে না করে বরং চিকিৎসক হিসাবে যেখানে তিনি চাকরি করতেন, সেখান থেকে প্রভাব খাটিয়ে তাকে ছাঁটাই করান শাকিল।
তবে শাকিল আহমেদ এসব অভিযোগ উড়িয়ে দিয়ে গণমাধ্যমকে বলেন, একাত্তর টিভিতে থাকার কারণেই তিনি ‘ষড়যন্ত্রের লক্ষ্যবস্তু’ হয়েছেন।
শাকিল বলেন, “আমি দারুণ ‘শকড’। তারপরও যে কোনো তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে সত্য বের হয়ে আসবে।
“যেহেতু একাত্তর টেলিভিশনের বার্তা প্রধানের দায়িত্বে আছি, ব্যক্তি আমি বলে না, ৭১ এ বার্তা প্রধান আছি বলেই আমি একটা মহলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছি।”
