Home খেলাধুলা ভারতকে খোঁচা মেরে ‘করুণ বাস্তবতা’ তুলে ধরলেন শহিদ আফ্রিদি

ভারতকে খোঁচা মেরে ‘করুণ বাস্তবতা’ তুলে ধরলেন শহিদ আফ্রিদি

0
92
shahid afridi

স্পোর্টস আপডেট ডেস্ক- বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার ভারতকে হারিয়েছে পাকিস্তান। তাও যেন তেন জয় নয়, ১৫১ রান তাড়া করে পুরো ১০ উইকেটের জয়। পাকিস্তানের কাছে প্রথম লজ্জা পাওয়ার পর কেউ ভাবেইনি আরও লজ্জার মুখোমুখি হতে হবে বিরাট কোহলিদের।

 

কিন্তু কিউইরাও ছেড়ে কথা বলেনি। রোববার রাতে দ্বিতীয়বার লজ্জায় ফেললো তারা কোহলি অ্যান্ড কোংকে। ১১০ রানের মধ্যে আটকে রেখে জয় তুলে নিয়েছে ৮ উইকেটের ব্যবধানে। টানা দুই ম্যাচে বড় ব্যবধানে হারের পর ভারতের বিশ্বকাপ অভিযান ‘কার্যত’ শেষই বলা হচ্ছে। যদিও কাগজে-কলমে এখনও টিকে আছে তারা। কিন্তু হিসাব-নিকাশ বেশ জটিল।

 

এমন পরিস্থিতিতে ভারতের পরিণতি নিয়ে টুইট করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। তাতে মিশে থাকলো হালকা খোঁচা এবং করুণ বাস্তবতা। আফ্রিদির টুইটের একটাই সংক্ষিপ্ততম রূপ, ‘ভারত শেষ।’

 

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে ভারত ছিল অন্যতম ফেবারিট। কিন্তু এখন সুপার টুয়েলভ থেকে সেমিফাইনালে যাওয়াটাই তাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে।

 

শহিদ আফ্রিদি ভারতের পারফরম্যান্স নিয়ে টুইটারে নিজের দৃষ্টি ভঙ্গির প্রকাশ করে লিখেছেন, ‘যদিও কাগজে-কলমে এখনো ভারতের শেষ চারের সম্ভাবনা রয়েছে, তবে তারা শেষ দুটি ম্যাচে যেভাবে খেলেছে, অলৌকিক কিছু না হলে সম্ভব নয়।’

 

এদিকে, কিউই বনাম ভারত ম্যাচে পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতারের বাজি ছিল টিম ইন্ডিয়াই। এ সম্পর্কে দু’দলের ম্যাচ শুরু হওয়ার আগে এক টুইটে শোয়েব বলেন, দিনটা (রোববার) ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একইসঙ্গে নিউজিল্যান্ডের জন্য এটা কঠিন একদিন। ভারত এ ম্যাচে জিতবে বলে মনে করছি।

 

শেষ পর্যন্ত কী হয়েছে তা কারও অজানা নয়। ভারতকে ১১০ রানে অলআউট করে দিয়ে ৮ উইকেটের গর্বের জয় তুলে নেয় কেইন উইলিয়ামসন বাহিনী। ভারতের এমন পারফরম্যান্সে বেশ হতাশও হয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেসখ্যাত এই পেসার। এ নিয়ে বেশ কয়েকটি টুইট করতে দেখা গেছে তাকে।

 

এক টুইটে তিনি বলেন, ভারতের খুবই বাজে পারফরম্যান্স। সত্যিকার অর্থে আমি আরও শক্তিশালী ও ভালো খেলা আশা করেছিলাম। আরেক পোস্টে ৪৬ বছর বয়সী এ তারকা বলেন, ভারতকে খুবই বিধ্বস্ত মনে হয়েছে। আমি জানি না কেন এমনটি হলো।

 

অন্যদিকে, পাকিস্তান ও কিউইদের বিপক্ষে বিধ্বস্ত হওয়ার পর ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফেরকে খোঁচা দিলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল ভন।

 

নিউজিল্যান্ডের বিপক্ষে বাজেভাবে হারের পরই অনেকটা রসিকতার সুরেই ভন টুইট করেন, ‘কেমন আছো, ওয়াসিম জাফের?’ ভনের এই টুইট কি কাটা ঘায়ে নুনের ছেটার মতো লেগেছে ওয়াসিমের? কে জানে।

 

ভনের সেই টুইট রি-টুইটও করছেন অনেকে। সেই মন্তব্যে মজার রসদও খুঁজে নিচ্ছেন অনেকে। অন্য অনেকের মতো ভনের টুইট রি-টুইট করেছেন ওয়াসিম জাফেরও। জবাবে তিনি বলেছেন, কান্নাকণ্ঠে ‘আমি খুব ভালো আছি!’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here