কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হলেন সুমন, সম্পাদক প্রদীপ

নজর২৪, ঢাকা- বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন রেজাউল করিম সুমন আর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হয়েছেন প্রদীপ চৌধুরী। রোববার (৩১ অক্টোবর) ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে ৩১ অক্টোবর তারিখ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত যুক্তরাজ্যের গ্লাসকো, লন্ডন ও ফ্রান্সের প্যারিসে সরকারি সফরে অংশগ্রহণ করবেন।

 

উল্লেখিত সময় বা তারা দেশে ফিরে না আসা পর্যন্ত ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন রেজাউল করিম সুমন এবং প্রদীপ চৌধুরী।

 

ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সোমবার (১ নভেম্বর) ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

এদিকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে স্কটল্যান্ডে যাচ্ছেন ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। এই দুই নেতার স্থানে ভারপ্রাপ্ত সভাপতি-সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আকাশ সরকার ও হোসাইন আহমেদ সোহান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *