নজর২৪, ঢাকা- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভালো আছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের ‘জাতিসত্তার অন্তরালে বিষাক্ত নিঃশ্বাস’ নামের বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ফখরুল বলেন, ‘গতকাল ম্যাডামকে দেখতে গিয়েছিলাম। আল্লাহর অশেষ রহমতে তিনি এখন ভালো আছেন।
‘সবাই দোয়া করবেন, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং মুক্ত হয়ে ফিরে আসতে পারেন।’
গত সোমবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার বায়োপসি হয়। এরপর তার স্বাস্থ্য নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে আসে বিএনপি।
বায়োপসির পর কয়েক ঘণ্টা নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে কেবিনে নেয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। সোমবার রাতেই তাকে কেবিনে স্থানান্তর করা হয় বলে নিউজবাংলাকে জানান ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, ‘এটা তো আসলে অপারেশন ঠিক না। এটা একটা ডায়াগনস্টিক পার্ট। যেকোনো ছোটোখাটো কিছুর পরই আইসিইউতে রাখা হয়। সেই পরিপ্রেক্ষিতে কয়েক ঘণ্টা আইসিইউতে রেখে রাতেই তাকে কেবিনে শিফট করা হয়েছে।’
