নজর২৪, নওগাঁ- তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘অতীতে যারা বিরুদ্ধাচারণ করেছেন, যারা সমাজে দুষ্কৃতকারী হিসেবে পরিচিত এবং সম্পদ রক্ষা ও অর্জনের উদ্দেশে আওয়ামী লীগ করতে চান তাদের আওয়ামী লীগের নৌকায় ওঠার প্রয়োজন নেই। নিজেদের পিঠ বাঁচাতে এখন সবাই আওয়ামী লীগ হতে চায়। যারা দলের দুঃসময়ে কাজ করেছেন এবং বিপদ-আপদে দলের সঙ্গেই ছিলেন তাদের আমরা মূল্যায়ন করবো।’
বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে নওগাঁর ধামইরহাট সরকারি এম. এম. কলেজ মাঠে ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। ধামইরহাট উপজেলা শাখা আওয়ামী লীগ এ সম্মেলনের আয়োজন করে।
তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ও সরকারকে বেকায়দায় ফেলা এবং প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক নষ্ট করার জন্য দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।
তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য আওয়ামী লীগ অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগের প্রাণ তৃণমূল। কেউ যখন খোঁচা দেয় তখন আওয়ামী লীগ জ্বলে ওঠে।
তথ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকাসহ সারা দেশে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সমাবেশ করেছে আওয়ামী লীগ। কর্মসূচি আহ্বানের কয়েক ঘণ্টার মধ্যে ঢাকা শহরে হাজার হাজার মানুষের সমাবেশ ও মিছিল হয়েছে। সারা দেশে আওয়ামী লীগের নেতা-কর্মীরা শান্তি সমাবেশ করেছে।
সম্মেলনে আরও বক্তব্য দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন ও আনোয়ার হোসেন হেলালসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
